জিপিএস-এর নির্দেশনা অন্ধভাবে অনুসরণ করতে গিয়ে গত রবিবার বিপাকে পড়লেন আমাজনের এক ডেলিভারি ড্রাইভার। প্রযুক্তির ভুল নির্দেশে তিনি সোজা গাড়ি নিয়ে ঢুকে পড়লেন সমুদ্রের ক্রমবর্ধমান জোয়ারের মুখে। ঘটনাটি ঘটেছে এসেক্সের ব্রুমওয়ে নামক এলাকায়, যা স্থানীয়ভাবে ‘ব্রিটেনের সবথেকে প্রাণঘাতী পথ হিসেবে পরিচিত। ৬০০ বছরের পুরনো এই জোয়ার-ভাটার পথটি অত্যন্ত বিপজ্জনক। এটি ফাউলনেস দ্বীপের দিকে চলে গেছে, যা মূলত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সংরক্ষিত অস্ত্র পরীক্ষা কেন্দ্র। উদ্ধার অভিযান ও কোস্টগার্ডের বয়ান, ভ্যানটি কাদা ও লোনা জলে ডুবে যাওয়ার পর সাউথএন্ড কোস্টগার্ড উদ্ধারকাজে নামে। এক বিবৃতিতে কোস্টগার্ড জানায়, “আজ সকালে খবর আসে যে আমাজনের একটি ডেলিভারি ভ্যান জিপিএস অনুসরণ করে ব্রুমওয়েতে ঢুকে পড়েছে। এটি টেমস মোহনার একটি ৬ মাইল দীর্ঘ প্রাচীন হাঁটা পথ। চালক নিজেই গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এবং আমাজন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে একটি স্থানীয় ট্রাক্টরের সাহায্যে গাড়িটি কাদা থেকে তোলা হয়।” কোস্টগার্ড আরও স্পষ্ট করে দেয় যে, ফাউলনেস দ্বীপে যাওয়ার সঠিক পথটি ছিল নিরাপত্তা দপ্তরের নির্ধারিত ব্যারিয়ার দিয়ে, এই বিপদসংকুল পথ দিয়ে নয়।
১৯২২ সালে একটি সেতু তৈরি হওয়ার আগে পর্যন্ত এই ব্রুমওয়ে ছিল ফাউলনেস দ্বীপে যাতায়াতের একমাত্র পথ। বালির ওপর ঝাড়ু পুঁতে পথ চিহ্নিত করা থাকত বলে এর নাম ব্রুমওয়ে। ইতিহাস বলছে, এই পথ পার হতে গিয়ে এ পর্যন্ত অন্তত ১০০ জন মানুষ ডুবে মারা গেছেন, যদিও আধুনিক সময়ে এমন দুর্ঘটনা বিরল। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে ট্রোলিং। অনেকেই চালকের সাধারণ জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, “আমি তো ভেবেছিলাম হাই-টাইডের ছবিটা ভুয়া। মানুষ এত নির্বোধ হয় কী করে?” অন্য একজন প্রশ্ন তুলেছেন, “সামনে সমুদ্রের জল দেখেও কি চালকের মনে হয়নি যে জিপিএস ভুল হতে পারে?” তৃতীয় একজনের সরস মন্তব্য, “এজন্যই আমি স্যাটেলাইট নেভিগেশন ব্যবহার ছেড়ে দিয়েছি। একবার হিথ্রো যাওয়ার পথে জিপিএস আমাকে হোটেলের উল্টোদিকে দেখে সোজা মাঠের ওপর দিয়ে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছিল!”




