রাজ্য সরকারের ‘যুবসাথী’ সুবিধা পেতে আবেদনের ক্ষেত্রে এবার বড়সড় পদক্ষেপ করল নবান্ন। এতদিন অনলাইনে ২৪ ঘণ্টা আবেদনের সুযোগ থাকলেও, এবার সেই সময়সীমা বেঁধে দেওয়া হল। এখন থেকে প্রতিদিন মাত্র ২ ঘণ্টার জন্য খোলা থাকবে অনলাইন পোর্টাল। এখন থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। সূত্রের খবর, নির্ধারিত সময়ের বাইরে পোর্টালে (https://apas.wb.gov.in) ঢুকতে গেলেই স্ক্রিনে ফুটে উঠছে নির্দিষ্ট সময়সীমার বিজ্ঞপ্তি। অর্থাৎ, দিনের অন্য সময়ে চাইলেও আর নাম নথিভুক্ত করা সম্ভব নয়। জানা গিয়েছে, যুবসাথী প্রকল্পের সুবিধা পেতে প্রতিদিন গড়ে প্রায় ৮ লক্ষ আবেদন জমা পড়ছে। ১৫ ফেব্রুয়ারি অফলাইনে আবেদন শুরু হওয়ার পর থেকেই ভিড় উপচে পড়েছিল। সেই চাপ সামলাতে ১৬ ফেব্রুয়ারি মাঝরাত থেকে অনলাইন পোর্টাল চালু করা হয়। অনলাইন আবেদনের জন্য নির্দিষ্ট পোর্টাল বা অ্যাপে ঢুকে ‘বাংলার যুবসাথী’ বিকল্পটি বেছে নিতে হবে। সেখানে ‘অ্যাপ্লাই অনলাইন’-এ ক্লিক করলে পরবর্তী ধাপগুলি আসবে। প্রয়োজনীয় নথি হিসাবে লাগবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, জাতিগত শংসাপত্র এবং পাসপোর্ট সাইজ ছবি। একটি সাদা কাগজে সই করে তার স্পষ্ট ছবি আপলোড করতে হবে। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে।




