এসআইআর প্রক্রিয়ায় নজর বিচারকদের, আজ থেকেই শুরু সুপার চেকিং!

বাংলার ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর এবার কোমর বেঁধে ময়দানে বিচারকরা। আজ, সোমবার থেকেই বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার চূড়ান্ত নথি যাচাইয়ের কাজে নামছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত ২৫০ জন জুডিশিয়াল অফিসার। ​রবিবার ছুটির দিনেও বিরাম ছিল না প্রস্তুতিতে। সকালে কলকাতার টি-বোর্ড অফিসে পর্যবেক্ষক ও মাইক্রো অবজার্ভারদের সঙ্গে বিচারকদের একাংশের গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এরপর বিকেলে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে এবং কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের উপস্থিতিতে চলে বৈঠক। ভার্চুয়াল প্রশিক্ষণের মাধ্যমে জেলা আদালতের বিচারকদের বুঝিয়ে দেওয়া হয় কাজের খুঁটিনাটি।

​সিইও দফতর সূত্রে খবর, বিচারকদের জন্য তৈরি করা হয়েছে একটি বিশেষ পোর্টাল। প্রত্যেক বিচারকের জন্য থাকছে আলাদা লগ-ইন আইডি। পোর্টালে নাম ও ফোন নম্বর দিলে ফোনে আসবে ওটিপি তা দিলেই খুলে যাবে সংশ্লিষ্ট এলাকার ভোটারদের তথ্যের ভাণ্ডার। কম্পিউটার স্ক্রিনের বাঁ দিকে দেখা যাবে ভোটারের জমা দেওয়া এনুমারেশন ফর্ম এবং সমস্ত নথিপত্র। আর ডান দিকে থাকবে বিএলও, ইআরও এবং অবজার্ভারদের পর্যবেক্ষণের রিপোর্ট। দুই পক্ষের নথি খতিয়ে দেখে বিচারক তাঁর সিদ্ধান্ত জানাবেন কেবল একটি ‘টিক মার্ক’-এর মাধ্যমে। প্রয়োজনে মন্তব্য লেখার জন্য থাকছে আলাদা কলাম।
​
​সুপ্রিম কোর্টের নির্দেশের পর হাইকোর্টের রেজিস্ট্রার জানিয়েছেন, এই বিশাল কর্মযজ্ঞ সামলাতে মোট ২৫০ জন বিচারককে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ১০০ জন এনডিপিএস ও পকসো আদালতের বিচারক এবং বাকি ১৫০ জন অন্যান্য আদালতের বিচারক জুডিশিয়াল অফিসার। মূলত বিধানসভা ভিত্তিক এই অফিসাররা কাজ করবেন। বিধানসভা নির্বাচনের মুখে ভোটার তালিকার এই শুদ্ধিকরণ প্রক্রিয়া কতটা নির্ভুল হয়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও