গাজায় যুদ্ধের আবহে সংবাদমাধ্যমের টুঁটি টিপে ধরার অভিযোগে বিদ্ধ ছিলই, এ বার সরাসরি ফিলিস্তিনি সংবাদমাধ্যমকে সন্ত্রাসবাদী তকমা দিল বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ একটি সামরিক আদেশে স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে পাঁচটি ফিলিস্তিনি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যমকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এই সংবাদমাধ্যমগুলোর সঙ্গে হামাসের যোগসাজশ রয়েছে বলে দাবি করেছে তেল আবিব। ইজ়রায়েলের তালিকায় নাম রয়েছে আল আসিমা নিউজ, কুদস প্লাস, আলকুদস আলবাওসালা, মরাজ এবং মায়দান আলকুদস। ইসরায়েলের দাবি, এই মাধ্যমগুলো বিশেষ করে জেরুজালেমে অস্থিরতা উসকে দিতে ব্যবহৃত হচ্ছে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল যেভাবে বাকস্বাধীনতার টুঁটি চেপে ধরছে, মানবাধিকার সংস্থা ও সংবাদমাধ্যম পর্যবেক্ষণকারী গোষ্ঠীগুলো যখন বারবার সেই অভিযোগ তুলছে, ঠিক তখনই এই সিদ্ধান্ত এল।
অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে আল জাজিরার প্রতিনিধি নূর ওদেহ জানান, এই আদেশের মাধ্যমে ফিলিস্তিনিদের তথ্যের প্রধান উৎসগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বিশেষ করে জেরুজালেমের ঘটনাবলির ক্ষেত্রে এই মাধ্যমগুলো ফিলিস্তিনিদের চোখ ও কান হিসেবে কাজ করে। তিনি বলেন, “অধিকৃত পশ্চিম তীর বর্তমানে এক হাজারেরও বেশি গেট এবং চেকপোস্ট দিয়ে খণ্ড-বিখণ্ড। অধিকাংশ ফিলিস্তিনির জন্য ইসরায়েলি অনুমতিপত্র ছাড়া পূর্ব জেরুজালেমে প্রবেশ করা প্রায় অসম্ভব। এই সংবাদমাধ্যমগুলোই জেরুজালেমের প্রতি মুহূর্তের খবরাখবর, ইসরায়েলি আইন লঙ্ঘন এবং সেখানকার পরিস্থিতির আপডেট ফিলিস্তিনিদের কাছে পৌঁছে দেয়।” ওদেহ আরও উল্লেখ করেন, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় এই পাঁচটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পেশ করেনি। তিনি বলেন, “আমরা অতীতেও দেখেছি ইসরায়েল ফিলিস্তিনি সাংবাদিকদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনেছে, যা পরে মিথ্যা প্রমাণিত হয়েছে। তবুও অনেক সাংবাদিককে তাদের স্বাধীনতার বিনিময়ে বা জীবনের বিনিময়ে এর মাসুল দিতে হয়েছে।”
২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের বিধ্বংসী যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ফিলিস্তিনি সাংবাদিক ও সংবাদমাধ্যমগুলোর ওপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে। যুদ্ধ শুরুর পর থেকে কোনো বিদেশি সাংবাদিককে স্বাধীনভাবে গাজায় প্রবেশ করতে দেওয়া হয়নি, কেবল ইসরায়েলি সেনাবাহিনীর পাহারায় হাতেগোনা কয়েকজনকে শর্তসাপেক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর নজরদারি চালানো ওয়েবসাইট ‘শিরিন ডট পিএস’-এর তথ্যমতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় প্রায় ৩০০ জন সাংবাদিক ও সংবাদকর্মী নিহত হয়েছেন। ওয়েবসাইটটির নামকরণ করা হয়েছে আল জাজিরার প্রখ্যাত সাংবাদিক শিরিন আবু আকলেহ-র স্মরণে, যাকে ২০২২ সালে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী গুলি করে হত্যা করেছিল। গত মাসে ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী শলোমো কারাহি ইসরায়েলে আল জাজিরার কার্যক্রমের ওপর চলমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৯০ দিন বাড়ানোর নির্দেশ দিয়েছেন। এর ফলে কোনো সম্প্রচার মাধ্যম বা ইন্টারনেট কোম্পানি দেশটিতে আল জাজিরার আধেয় প্রচার করতে পারছে না। ০২৪ সালের মে মাসে ইসরায়েলি মন্ত্রিসভা দেশটিতে আল জাজিরার কার্যক্রম বন্ধের পক্ষে ভোট দেয়। তার কয়েক সপ্তাহ আগেই ইসরায়েলি পার্লামেন্ট একটি আইন পাস করেছিল, যেখানে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করলে যেকোনো বিদেশি সম্প্রচার মাধ্যম সাময়িকভাবে বন্ধ করার ক্ষমতা দেওয়া হয়।




