ঘড়িতে তখন সন্ধ্যা ৭টা বেজে ১১ মিনিট। রাঁচি বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে ডানা মেলেছিল এয়ার অ্যাম্বুল্যান্সটি। লক্ষ্য ছিল, রাতের মধ্যেই মুমূর্ষু রোগীকে পৌঁছে দেওয়া রাজধানীর হাসপাতালে। কিন্তু মাঝ আকাশে মাত্র ২৩ মিনিটের লড়াই। তার পরেই সব নিস্তব্ধ। ঝাড়খণ্ডের চাতরা জেলার সিমারিয়ার গভীর জঙ্গলে আছড়ে পড়ল রেডবার্ড এয়ারওয়েজ পরিচালিত বীচক্রাফ্ট সি৯০ বিমানটি। মৃত্যু হল রোগী ও চিকিৎসক-সহ বিমানে থাকা সাত জনেরই। সোমবার রাতের এই মর্মান্তিক বিমান দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে।ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) সূত্রে খবর, ওড়ার মাত্র ২৩ মিনিটের মাথায় অর্থাৎ ৭:৩৪ মিনিটে বিমানের সঙ্গে রেডার ও এটিসি-র যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সময় বিমানটি বারানসী থেকে প্রায় ১০০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে ছিল।
রাঁচি বিমানবন্দরের সূত্র পিটিআই-কে জানিয়েছে, উড্ডয়নের পর বিমানটি প্রথমে কলকাতা এটিসি-র সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং খারাপ আবহাওয়ার কারণে রুট পরিবর্তনের অনুরোধ জানায়। পরে নিয়ন্ত্রণ পরবর্তী স্টেশনের হাতে তুলে দেওয়া হয়। তার কিছুক্ষণের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ডিজিসিএ এক বিবৃতিতে জানিয়েছে, কলকাতা এটিসি-র সঙ্গে যোগাযোগ ও রাডার সংযোগ হারানোর পর বিমানটি ঝাড়খণ্ডের চাত্রা জেলার সিমারিয়া এলাকার একটি জঙ্গলে ভেঙে পড়ে। বিমানবন্দর সূত্রের উদ্ধৃতি দিয়ে এক আধিকারিক পিটিআই-কে বলেন, “এরপর আর কোনও যোগাযোগ হয়নি। বিমানটি রাঁচি বিমানবন্দরের সঙ্গেও যোগাযোগ করেনি।”
বিমানে ছিলেন রোগী সঞ্জয় কুমার, চিকিৎসক বিকাশ কুমার গুপ্ত, এক জন প্যারামেডিক এবং রোগীর দুই পরিজন। সঙ্গে ছিলেন দুই পাইলট। রাত প্রায় ১০টা ২০ মিনিট নাগাদ দুর্ঘটনার খবর পাওয়া যায়। সকলকেই মৃত ঘোষণা করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ সুপার সুমিত কুমার জানান, “রাত ১০টা নাগাদ আমরা দুর্ঘটনার খবর পাই। দুর্গম এলাকার কারণে এখানে পৌঁছনো কঠিন ছিল। তদন্তের জন্য দিল্লি থেকে একটি দল আসবে এবং ব্ল্যাক বক্স উদ্ধারের চেষ্টা করবে। মোট মৃতের সংখ্যা সাত।” ডিজিসিএ ইতিমধ্যেই ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)-র একটি দলও ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তদন্ত শুরু করেছে। তদন্তের মূল ফোকাস থাকবে তৎকালীন আবহাওয়া পরিস্থিতি, যান্ত্রিক ত্রুটি এবং ফ্লাইটের যোগাযোগের রেকর্ডের ওপর। দুর্ঘটনার প্রকৃত কারণ উদদঘাটনে বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।




