ভোটের মুখেই বড়সড় অ্যাকশন! কয়লা কেলেঙ্কারি কাণ্ডে এবার ইডি-র হাতে গ্রেপ্তার আই-প্যাক কর্তা

রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি। তার ঠিক মুখেই বড়সড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ​ সোমবার ইডি আই-প্যামের একজন অন্যতম পরিচালক এবং সহ-প্রতিষ্ঠাতা বিনেশ চান্ডেলকে গ্রেফতার করেছে। নির্বাচনী আবহে থাকা এই রাজ্যে একটি কথিত কয়লা কেলেঙ্কারির সাথে যুক্ত অর্থ পাচারের (মানি লন্ডারিং) মামলায় তাকে গ্রেফতার করা হয়। একজন আধিকারিক জানিয়েছেন, সোমবার গভীর সন্ধ্যায় দিল্লিতে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের বিধানের অধীনে চান্ডেলকে হেফাজতে নেওয়া হয়। একটি বিশেষ আদালতে পেশ করা হবে বলে এবং জিজ্ঞাসাবাদের জন্য ইডি চান্ডেলের রিমান্ড চাইবে।

​এই তদন্তের অংশ হিসেবে গত ২ এপ্রিল ইডি দিল্লিতে চান্ডেলের ঠিকানায় তল্লাশি চালায়। এছাড়াও আই-প্যাকের আরেক সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক ঋষি রাজ সিংয়ের বেঙ্গালুরুর ঠিকানায় এবং আম আদমি পার্টির (আপ) প্রাক্তন যোগাযোগ বিষয়ক ইন-চার্জ বিজয় নায়ারের মুম্বাইয়ের ঠিকানায় তল্লাশি চালানো হয়েছিল। এর আগে গত ৮ জানুয়ারি এই মামলার সূত্র ধরেই কলকাতার আই-প্যাক অফিস এবং সংস্থার প্রতিষ্ঠাতা ও অন্যতম ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িতে হানা দিয়েছিল ইডি। আর সেই অভিযান ঘিরেই তরজা চরমে ওঠে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের আধিকারিকদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছু নথিপত্র নিয়ে যান বলে অভিযোগ ওঠে। ইডি-র বিস্ফোরক দাবি ছিল, খোদ মুখ্যমন্ত্রী তাদের তল্লাশি অভিযানে ‘বাধা’ দিয়েছেন। রাজ্য প্রশাসন জোর করে বেশ কিছু গ্যাজেট এবং গুরুত্বপূর্ণ নথি ছিনিয়ে নিয়ে গিয়েছে। পালটা তোপ দেগে তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রীর দাবি ছিল, ভোটের ঠিক আগে আই-প্যাকের অফিস থেকে তাদের নির্বাচনী কৌশল সংক্রান্ত গোপন নথি হাতানোর চেষ্টা করছিল ইডি।

উল্লেখ্য, ​​আগামী ২৩ এবং ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ​আই-প্যাক ২০২১ সাল থেকে তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকারকে রাজনৈতিক পরামর্শ দিয়ে আসছে। ​ ​২০২০ সালের নভেম্বরে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (সিবিআই) দায়ের করা একটি এফআইআর থেকে ইডির এই মামলার সূত্রপাত। সেখানে আসানসোল এবং তার আশেপাশের পশ্চিমবঙ্গের কুনুস্তোড়িয়া এবং কাজোরা এলাকায় ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের খনি সম্পর্কিত কয়েক কোটি টাকার কয়লা পাচার কেলেঙ্কারির অভিযোগ করা হয়েছে। ​এক বিবৃতিতে ইডি জানিয়েছিল, এই কথিত কয়লা চোরাচালান চক্রের সাথে যুক্ত একজন হাওয়ালা অপারেটর আই-প্যাকের নিবন্ধিত কোম্পানি ইন্ডিয়ান প্যাক কনসালটিং প্রাইভেট লিমিটেডকে কয়েক কোটি টাকার লেনদেনে সহায়তা করেছিল।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও