ভবানীপুর কি তবে নিজের ঘরের মেয়েকে ফেরাল? নাকি ঘরের শত্রু বিভীষণ হয়েই ঘাসফুল পাড়ায় পদ্ম ফোটালেন শুভেন্দু অধিকারী? সোমবারের হাইভোল্টেজ ড্রামা শেষে রাতে এল সেই চূড়ান্ত খবর। কুড়ি রাউন্ডের স্নায়ুযুদ্ধ শেষে ১৫ হাজার ১১৪ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের পর ভবানীপুর টানা দুই কেন্দ্রে তৃণমূল সুপ্রিমোকে হারিয়ে কার্যত রেকর্ড গড়লেন শুভেন্দু।
ভোট গণনার আগেই শুভেন্দু অধিকারী যে ভবিষ্যৎবাণী করেছিলেন, তা মিলে গেল হুবহু। তিনি বলেছিলেন, “প্রথম কয়েক রাউন্ডে আমি এগোব, মাঝের রাউন্ডগুলোতে মুসলিম বুথের সৌজন্যে মমতা লিড নেবেন, আর শেষে গিয়ে আমিই মেকআপ করে জিতব।” আজ ২০ রাউন্ডের শেষে দেখা গেল শুভেন্দুর অঙ্কই ঠিক। তিনি পেয়েছেন ৭৩,৪৬৩ ভোট, আর মমতার ঝুলিতে এল ৫৮,৩৪৯ ভোট।
এদিন ভবানীপুরের গণনা কেন্দ্রে উত্তেজনা ছিল চরমে। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন সেখানে। তাঁর অভিযোগ, “গণনায় কারচুপি করছে বিজেপি।” রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল নেত্রী বলেন, “বিজেপি ভোট লুঠ করেছে। জোর করে হারানো হয়েছে। কিন্তু আমি লড়াই ছাড়ব না, আবার ফিরে আসব।” তৃণমূল শিবিরের অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সির দাপট আর ভোট-মেশিনের কারসাজিতেই এই ফল।
ভবানীপুর তো বটেই, নন্দীগ্রামেও জয়ের হাসি হেসেছেন শুভেন্দু। দুই মেদিনীপুর জুড়ে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে জোড়াফুল। মমতার খাসতালুক বলে পরিচিত ভবানীপুরে এই হার তৃণমূলের কাছে কেবল এক ধাক্কা নয়, বরং বড়সড় রাজনৈতিক বিপর্যয়। নন্দীগ্রামের হারের ক্ষত শুকোতে না শুকোতেই ভবানীপুরের এই পরাজয় দিদির নেতৃত্বের ওপর বড়সড় প্রশ্ন তুলে দিল। রাজনৈতিক মহলের মতে, একদিকে মুসলিম ভোটের মেরুকরণ আর অন্যদিকে হিন্দু ভোটারদের এককাট্টা হওয়া এই দুইয়ের মাঝেই পিষে গেল ঘাসফুল। সোমবারের রাত মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের অন্যতম কঠিন রাত হয়ে রইল। যে ভবানীপুর তাঁকে দু’হাত ভরে আশীর্বাদ দিয়েছিল, আজ সেই মাটিই কি সরে গেল পায়ের নিচ থেকে? উত্তর খুঁজছে বঙ্গ রাজনীতি।




