বঙ্গে ক্ষমতার পালাবদলের পর থেকেই একের পর এক বড় প্রশাসনিক পদক্ষেপ করতে দেখা যাচ্ছে নতুন সরকারকে। এবার সেই তালিকায় জুড়ল দেশের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ প্রক্রিয়া জনগণনা। আগামী ১ অগস্ট থেকে পশ্চিমবঙ্গে অফিশিয়ালি শুরু হতে চলেছে বহুল প্রতীক্ষিত জনগণনার কাজ। শুক্রবার নবান্নে এক হাইপ্রোফাইল সাংবাদিক বৈঠক থেকে এই ঘোষণা করার পাশাপাশি, রাজ্যের সমস্ত নাগরিককে এই প্রক্রিয়ায় সম্পূর্ণ সহযোগিতার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিন সাংবাদিক বৈঠকে সেন্সাসের গুরুত্ব বোঝাতে গিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই পূর্বতন সরকারকে তীব্র নিশানা করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, “এই জনগণনা আমাদের রাজ্যের জন্য অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। এ রাজ্যে সেন্সাসের পরিসংখ্যান অন্য মাত্রার দাবি রাখে। কারণ, আমাদের রাজ্যের সঙ্গে বাংলাদেশের প্রায় ৬০০ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। তার ওপর সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া (ফেন্সিং) না থাকায় এবং পূর্বতন সরকার বিএসএফ-কে ল্যান্ড না দেওয়ায় আমাদের রাজ্যের ‘ডেমোগ্রাফি’ (জনবিন্যাস) অনেকটাই বদলে গিয়েছে।” এই কারণেই এবারের সেন্সাসকে নিখুঁত করার ওপর বাড়তি জোর দিচ্ছে নবান্ন।
ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে জনগণনার কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু বাংলায় কেন এত দেরি? এর জন্য পূর্বতন সরকার ও রাজ্যের প্রাক্তন মুখ্যসচিবের ওপর সরাসরি দায় চাপিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর স্পষ্ট অভিযোগ, “এই বিষয়টি ক্যাবিনেটের অনুমোদন নেওয়ার মতো বিষয় নয়, এটি সম্পূর্ণ একটি প্রশাসনিক সিদ্ধান্ত। তৎকালীন মুখ্যসচিব নিজেই এই সিদ্ধান্ত নিতে পারতেন। কিন্তু অত্যন্ত খারাপ রেকর্ড হলো, পূর্বতন মুখ্যসচিব এই অতি গুরুত্বপূর্ণ জনগণনার ক্ষেত্রেও রাজনৈতিক সম্মতির অপেক্ষায় ফাইল আটকে রেখেছিলেন।” তবে দেরিতে শুরু হলেও ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের নির্ধারিত ডেডলাইনের মধ্যেই রাজ্যের সেন্সাসের কাজ শেষ করার কড়া লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এবারের জনগণনা হতে চলেছে সম্পূর্ণ অন্যরকম। ভারতের ইতিহাসে এই প্রথমবার ডিজিটাল পদ্ধতিতে বা মোবাইল অ্যাপের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে। ডিজিটাল রূপায়ণের ফলে তথ্যের নির্ভুলতা অনেক বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ক্ষমতায় আসার পরপরই সিএএ রূপায়ণ এবং বিএসএফ-এর হাতে জমি দেওয়ার পর, এবার সেন্সাস নিয়ে শুভেন্দু অধিকারীর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ১ অগস্ট থেকে শুরু হতে চলা এই ডিজিটাল জনগণনা বঙ্গে ঠিক কী কী নতুন সমীকরণ সামনে আনে, এখন সেটাই দেখার।




