নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি অরিজিনাল সিরিজ ‘জো বচে হ্যাঁয় সঙ্গ সমেট লো’ ঘিরে চলমান বিতর্কের মধ্যেই ভারতে পাকিস্তানি কনটেন্ট যাতে উপলব্ধ না হয়, তা নিশ্চিত করতে স্ট্রিমিং প্ল্যাটফর্মটিকে নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। আগামী ৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে চলা এই ওয়েব সিরিজটি ভারতে সম্ভাব্য মুক্তি নিয়ে মন্ত্রকের কাছে একাধিক অভিযোগ ও আবেদন জমা পড়ার পরই এই নির্দেশ এসেছে। সূত্রের খবর, ভারতে সক্রিয় সমস্ত ওটিটি প্ল্যাটফর্ম, মিডিয়া স্ট্রিমিং পরিষেবা এবং ডিজিটাল মধ্যস্থতাকারী সংস্থাগুলিকে পাকিস্তানে তৈরি কনটেন্ট বন্ধ রাখার নির্দেশ দিয়ে মন্ত্রক যে ২০২৫ সালের ৮ মে-র অ্যাডভাইজরি জারি করেছিল, নেটফ্লিক্সকে তা সম্মান জানাতে এবং মেনে চলতে বলেছে মন্ত্রক। এ ক্ষেত্রে ‘ইনফরমেশন টেকনোলজি (ইন্টারমিডিয়ারি গাইডলাইনস অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিক্স কোড) রুলস, ২০২১’-এর অধীনে থাকা আচরণবিধি (কোড অফ এথিক্স) প্রয়োগ করা হয়েছে। এই নিয়ম অনুযায়ী ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, জাতীয় নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বা জনশৃঙ্খলাকে প্রভাবিত করতে পারে, এমন কনটেন্ট সম্প্রচারের ক্ষেত্রে ওটিটি প্ল্যাটফর্মগুলিকে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হয়। জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে জারি হওয়া ওই অ্যাডভাইজরিটি এসেছিল ২০২৫ সালের ২২ এপ্রিলের পহেলগাঁও জঙ্গি হামলার পর। গত বছর জুন মাসে নেটফ্লিক্স মন্ত্রককে জানিয়েছিল, তারা ভারতের গ্রাহকদের জন্য পাকিস্তানে তৈরি কোনও সিনেমা বা সিরিজ উপলব্ধ করেনি। মন্ত্রকের বক্তব্য, নেটফ্লিক্সকে সেই প্রতিশ্রুতিতে অটল থাকতে হবে এবং সে সময় যে অবস্থান তারা জানিয়েছিল, তা বজায় রাখতে হবে।
পাকিস্তানি লেখক ফারহাত ইশতিয়াকের একই নামের বেস্টসেলিং উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত রোমান্টিক ড্রামা ‘জো বচে হ্যাঁয় সঙ্গ সমেট লো’ আন্তর্জাতিক স্তরে ‘অল দ্য লাভ আওয়ার হার্টস ক্যারি’ নামেও প্রচারিত হচ্ছে। এই সিরিজে ফাওয়াদ খান, মাহিরা খান, সানাম সইদ, আহাদ রাজা মির, হানিয়া আমির, হামজা আলি আব্বাসি, ইকরা আজিজ, মায়া আলি এবং বিলাল আশরাফ-সহ একাধিক পরিচিত পাকিস্তানি অভিনয়শিল্পী রয়েছেন। নেটফ্লিক্সের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিভাগের মাধ্যমে কমিশন করা এই সিরিজটির শুটিং হয়েছে পাকিস্তান, ইতালি এবং যুক্তরাজ্যে। আগামী ৪ ডিসেম্বর এটি বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।




