ভয়াবহ বিমান দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়া বিমান, মুখ্যমন্ত্রীর সমবেদনা প্রকাশ

আহমদাবাদ বিমানবন্দরের কাছেই মেঘানি এলাকায় বৃহস্পতিবার দুপুরে ভেঙে পড়ল লন্ডনগামী একটি এয়ার ইন্ডিয়া ফ্লাইট। বিমানে মোট ২৪২ জন যাত্রী ও কর্মী ছিলেন। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়ার ঘন কুন্ডলি উঠছে আকাশে। বোয়িং ড্রিমলাইনার বিমানটি দুপুর ১টা ৪৭ মিনিট নাগাদ নির্ধারিত সময়ের সামান্য পরে উড্ডয়ন করে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, টেক-অফের অনুমতি পাওয়ার ৯ মিনিট পরেই এটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনার পর এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানায়, “এআই ১৭১ ফ্লাইট, যা আহমদাবাদ থেকে লন্ডন গ্যাটউইকের উদ্দেশ্যে যাত্রা করছিল, আজ, ১২ জুন ২০২৫, একটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। এই মুহূর্তে আমরা ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করছি এবং খুব শীঘ্রই পরবর্তী আপডেট জানানো হবে।”

দুর্ঘটনার কিছুক্ষণ পরেই গভীর মর্মাহত ও বিস্ময় প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স (প্রাক্তন টুইটার)-এ তিনি লিখেছেন,”আজ আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার সবচেয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর শুনে আমি হতবাক এবং গভীরভাবে মর্মাহত। এটি আমাদের সকলের জন্য অত্যন্ত দুঃখজনক সংবাদ, যদিও আমরা বেঁচে থাকাদের বিস্তারিত জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং সকলের বেঁচে থাকার জন্য প্রার্থনা করছি।” তিনি আরও লেখেন, “লন্ডনগামী বিমানের উড্ডয়নের সময় ঘটে যাওয়া এই দুর্ঘটনা আমায় মর্মাহত ও গভীরভাবে বিচলিত করেছে। যদিও এখনো সঠিক পরিসংখ্যান জানা যায়নি, সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে বিমানে মোট ২৪২ জন যাত্রী ছিলেন। এই মুহূর্তে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।”

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও