অবশেষে বদলালো টিম ইন্ডিয়ার জার্সির বুকে লেখা নাম। ড্রিম-ইলেভেনকে বিদায় জানিয়ে নতুন স্পনসর হিসেবে হাজির অ্যাপোলো টায়ারস। বিসিসিআই সোমবার জানাল, ২০২৮ সালের মার্চ পর্যন্ত ভারতীয় পুরুষ ও নারী দু’দলেরই অফিশিয়াল জার্সি স্পনসর থাকবে এই টায়ার প্রস্তুতকারক সংস্থা।সরকারি নির্দেশে বেটিং-সংক্রান্ত অ্যাপ নিষিদ্ধ হওয়ার পর ড্রিম-ইলেভেনের সঙ্গে সম্পর্ক ছেদ হয়েছিল বোর্ডের। তার পরই শুরু হয় নতুন স্পনসর খোঁজার দৌড়। অবশেষে ক্রিকেট আর কর্পোরেটের সেই মিলন ঘটল অ্যাপোলো টায়ারসের হাত ধরে।
বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, “ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর হিসেবে অ্যাপোলো টায়ারসকে যুক্ত করতে পেরে আমরা গর্বিত। বৈশ্বিক টায়ার শিল্পের শীর্ষস্থানীয় এই প্রতিষ্ঠান প্রথমবার ভারতীয় ক্রিকেটে যুক্ত হলো। ক্রিকেট এমন একটি খেলা যা কোটি মানুষের আবেগের সঙ্গে যুক্ত, আর অ্যাপোলো টায়ারসের এই কৌশলগত পদক্ষেপ সেই আবেগের সঙ্গেই মেলবন্ধন ঘটাবে।”
প্রতিটি ম্যাচের জন্য বিসিসিআইকে ৪.৫ কোটি টাকা দেবে অ্যাপোলো টায়ারস, যা ড্রিম-ইলেভেনের দেওয়া ৪ কোটি টাকার চেয়েও বেশি। ভারতীয় দলের আন্তর্জাতিক সূচির কারণে এই অংশীদারিত্ব অ্যাপোলো টায়ারসকে বিশ্বব্যাপী বিপুল দৃশ্যমানতা এনে দেবে। সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেটে এটিকে সবচেয়ে লাভজনক স্পনসরশিপগুলোর একটি হিসেবে ধরা হচ্ছে।
বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া বলেছেন, “অ্যাপোলো টায়ারস আমাদের নতুন স্পনসর হিসেবে যুক্ত হওয়াটা প্রমাণ করে যে আমাদের দলগুলো কতটা ধারাবাহিক পারফরম্যান্স করছে। এটি শুধুই বাণিজ্যিক চুক্তি নয়; বরং দুটি প্রতিষ্ঠানের মধ্যে আস্থার এবং সম্মানের বন্ধন।”
অ্যাপোলো টায়ারসের সঙ্গে এই তিন বছরের চুক্তির আর্থিক মূল্য ধরা হয়েছে প্রায় ৫৭৯ কোটি টাকা। অন্যদিকে, সমান সময়ের জন্য ড্রিম-ইলেভেনের চুক্তির মূল্য ছিল ৩৫৮ কোটি টাকা। এতে মোট ১২১টি দ্বিপাক্ষিক ম্যাচ এবং ২১টি আইসিসি ইভেন্ট অন্তর্ভুক্ত। প্রসঙ্গত, গুরগাঁও-এ সদর দফতর থাকা অ্যাপোলো টায়ারসের উৎপাদন কেন্দ্র রয়েছে শুধু ভারতে নয়, ইউরোপসহ একাধিক দেশেও।




