রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ব্যক্তি বা কোনো রাজনৈতিক দলকে নয়, নীতি ও নীতিকে সমর্থন করে। এমনটাই জানিয়েছেন সংগঠনের প্রধান মোহন ভাগবত। তিনি বলেন, কংগ্রেস যদি অযোধ্যায় রামমন্দিরের দাবিকে সমর্থন করত, তবে স্বয়ংসেবকরাও সেই দলকেই সমর্থন দিতেন। আরএসএস-এর শতবর্ষ উপলক্ষে বেঙ্গালুরুতে আয়োজিত এক অনুষ্ঠানে আরএসএস প্রধান এমন মন্তব্য করেন। মোহর ভাগবত বলেছেন, “আমরা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না। নির্বাচনী রাজনীতিতে অংশ নিই না। সংঘ সমাজকে ঐক্যবদ্ধ করতে কাজ করে, আর রাজনীতি বিভাজন তৈরি করে। আমরা নীতিকে সমর্থন করি। যেমন, আমরা অযোধ্যায় রামমন্দির চাইতাম, তাই যারা মন্দির নির্মাণের পাশে ছিল, স্বয়ংসেবকরা তাঁদের ভোট দিয়েছে। কংগ্রেস সমর্থন করলে আমরা তাঁদেরও ভোট দিতাম।” ভাগবত আরও বলেন, “আমাদের কারও প্রতি বিশেষ পক্ষপাত নেই। সংঘের কোনো দল নেই। কোনো দল আমাদের নয়, আবার সব দলই আমাদের, কারণ তারা ভারতীয়। আমরা রাজনীতি নয়, রাষ্ট্রনীতিকে সমর্থন করি। আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, এবং আমরা চাই দেশ একটি নির্দিষ্ট পথে অগ্রসর হোক। যে দল দেশকে সেই পথে নিয়ে যাবে, আমরা তাকে সমর্থন করব।”
মুসলমানেরা কি আরএসএস-এ যোগ দিতে পারে?
প্রশ্ন করা হলে ভাগবত বলেন, “সংঘে কোনো ব্রাহ্মণকে আলাদা করে নেওয়া হয় না, কোনো জাতিভেদে কাউকে নেওয়া হয় না, কোনো মুসলিমকে আলাদা করে নেওয়া হয় না, কোনো খ্রিস্টানকেও আলাদা করে নেওয়া হয় না। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ – মুসলমান বা খ্রিস্টান সংঘে আসতে পারেন, তবে তাঁরা তাঁদের আলাদা পরিচয় বাইরে রেখে আসবেন। শাখায় এলে তাঁরা ভারতমাতার সন্তান হিসেবেই আসেন। মুসলমান ও খ্রিস্টানরা শাখায় আসেন, কিন্তু আমরা তাদের গণনা করি না, জানতে চাই না তারা কারা।”
আরএসএস নিবন্ধিত প্রতিষ্ঠান না হওয়ার কারণ
কংগ্রেস নেতাদের অভিযোগ, আরএসএস নিবন্ধিত সংগঠন নয়। এর জবাবে ভাগবত বলেন, “এই প্রশ্নের উত্তর বহুবার দেওয়া হয়েছে, কিন্তু যারা প্রশ্ন করতে চান তারা বারবারই বলেন। সংঘ ১৯২৫ সালে শুরু হয়েছে। আপনারা কি ভাবেন আমরা ব্রিটিশ সরকারের কাছে গিয়ে নিজেদের নথিভুক্ত করতাম? স্বাধীনতার পর আইনে নিবন্ধন বাধ্যতামূলক নয়। ‘বডি অব ইন্ডিভিজুয়ালস’ হিসেবেও আইনি স্বীকৃতি পাওয়া যায়। আমরা সেই বিভাগে পড়ি এবং আমরা স্বীকৃত সংগঠন।”
তিনি আরও বলেন, “আমাদের তিন বার নিষিদ্ধ করা হয়েছে, এর মানেই সরকার আমাদের অস্তিত্বকে স্বীকার করেছে। আমরা না থাকলে কাকে নিষিদ্ধ করা হয়েছিল? আর প্রতিবারই আদালত সেই নিষেধাজ্ঞা খারিজ করেছে। বিধানসভা ও সংসদে বহুবার প্রশ্ন ওঠে, অনুকূল ও বিরোধী দু’ধরনের মন্তব্যই হয়। আইনি ও বাস্তবিক অর্থে আমরা একটি সংগঠন। আমরা অসাংবিধানিক নই, তাই আমাদের নিবন্ধনের দরকার নেই। অনেক কিছুই তো নথিভুক্ত নয়। এমনকি হিন্দু ধর্মও নিবন্ধিত নয়।”।
জাতীয় পতাকা বিষয়ে আরএসএসের অবস্থান
কয়েকজন কংগ্রেস নেতার অভিযোগ, আরএসএস তিরঙ্গাকে মানে না। এর জবাবে ভাগবত বলেন, জবাবে তিনি জানান, ১৯২৫ সালে সংঘ নিজস্ব হিসাবে গেরুয়া পতাকা গ্রহণ করে, আর ১৯৩৩ সালে জাতীয় পতাকা নির্ধারিত হয়। ভাগবত বলেন, “পতাকা কমিটি সর্বসম্মতভাবে ঐতিহ্যবাহী ভগবা (গেরুয়া) পতাকার সুপারিশ করেছিল। কিন্তু পরে (মহাত্মা) গান্ধীজি হস্তক্ষেপ করে তিন রঙের পতাকা, যার উপরে গেরুয়া প্রস্তাব করেন। প্রতিষ্ঠার পর থেকে সংঘ সবসময় জাতীয় পতাকাকে সম্মান দিয়েছে, শ্রদ্ধা করেছে এবং রক্ষা করেছে।” তিনি আরও বলেন, ভগবা বনাম তিরঙ্গা এমন কোনও প্রশ্নই নেই।কমিউনিস্ট পার্টির লাল পতাকা আছে, কংগ্রেসের তিরঙ্গা চরখাসহ, রিপাবলিকান পার্টির নীল পতাকা। আমাদের ভগবা আছে, এবং আমরা জাতীয় পতাকাকেও সম্মান করি।”
সম্প্রতি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেসহ কংগ্রেস নেতাদের ধারাবাহিক মৌখিক আক্রমণের প্রেক্ষিতেই ভাগবতের এই বক্তব্য আসে। গত মাসে খাড়গে বলেন, তাঁর ব্যক্তিগত মত হলো আরএসএসকে নিষিদ্ধ করা উচিত। তাঁর ছেলে ও কর্নাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গেসহ একাধিক কংগ্রেস নেতা সম্প্রতি আরএসএস-কে তীব্র সমালোচনা করেছেন।




