দেড়শোরও বেশি ডিগ্রি অর্জন চেন্নাইয়ের অধ্যাপকের, লক্ষ্য এখন…

আমাদের বেশিরভাগের কাছেই ফাইনাল পরীক্ষা মানে স্বস্তির নিশ্বাস। যেন এক বা দুইটি ডিগ্রিই যথেষ্ট। কিন্তু চেন্নাইয়ের এক ব্যতিক্রমী মানুষ প্রমাণ করে দিয়েছেন, শিক্ষার যাত্রা কোনও গন্তব্য নয়। এটাই তাঁর জীবনের প্রকৃত পথচলা। চেন্নাইয়ের এই অধ্যাপক যেন জীবন্ত পাঠাগার। বয়স ৬০ ছুঁয়েছে, তবু বইয়ের প্রতি টান এতটুকু কমেনি। তিনি অধ্যাপক ভি. এন. পার্থিবন, যিনি অর্জন করেছেন দেড়শোরও বেশি একাডেমিক ডিগ্রি! এখন তাঁর একটাই লক্ষ্য, ২০০ পার করে তবেই থামবেন।

কিন্তু কীভাবে শুরু হয়েছিল এই অবিশ্বাস্য যাত্রা? সবকিছুর সূত্রপাত হয়েছিল এক সাধারণ অথচ গভীর প্রতিশ্রুতিতে, এক মায়ের প্রতি সন্তানের অঙ্গীকারে। তাঁর প্রথম ডিগ্রির পরীক্ষায় পার্থিবন সবে-সবে পাশ করেন। ফলাফল দেখে মায়ের চোখে জল আসে। সেই মুহূর্তেই ছেলের মনে জ্বলে ওঠে প্রতিজ্ঞার শিখা, “আর কখনও মাকে কাঁদাব না, আমি হব সেরা।” সেই প্রতিশ্রুতিই আজ চল্লিশ বছরেরও বেশি সময় ধরে তাঁকে এগিয়ে নিয়ে চলেছে এক অবিরাম শিক্ষাযাত্রায়।”

১৯৮১ সাল থেকে শুরু হওয়া সেই পথচলা আজও থামেনি। এক পরীক্ষায় সাফল্যের লক্ষ্যই ধীরে ধীরে রূপ নিয়েছে জ্ঞানের প্রতি অদম্য পিপাসায়। সবচেয়ে অনুপ্রেরণাদায়ক দিক হলো তাঁর অদম্য নিষ্ঠা। নিজের পড়াশোনার খরচ জোগাতে তিনি বেতনের ৯০ শতাংশ ব্যয় করেন বিশ্ববিদ্যালয়ের ফি, বই ও অধ্যয়ন সামগ্রী কেনায়। এখন তিনি চেন্নাইয়ের একটি কলেজের সহকারী অধ্যাপক ও বাণিজ্য বিভাগের প্রধান।

তাঁর প্রতিদিনের জীবনই এক শৃঙ্খলার পাঠ। ভোর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যাপনা করেন তিনি। ক্লাসের ফাঁকে, বিশ্রামের মুহূর্তেও বইই তাঁর সঙ্গী। এক সাক্ষাৎকারে যখন তাঁকে জিজ্ঞাসা করা হয়, কীভাবে এত কিছু সম্ভব হলো, তিনি উত্তর দেন, “সীমাবদ্ধতা কেবল মনের ভেতরেই থাকে।” প্রতিদিন সকাল ৫টায় ঘুম থেকে ওঠেন, কলেজে যাওয়ার আগে কয়েক ঘণ্টা পড়াশোনা। ক্লাস শেষে রাত পর্যন্ত বই-নোটে ডুবে থাকা। রবিবারে বিশ্রাম নয়, গবেষণা আর পরীক্ষার প্রস্তুতি।

স্থানীয়দের কাছে তিনি আজ চলন্ত বিশ্বকোষ। কেউ বলেন, ডিগ্রির ভাণ্ডার। তাঁর সংগ্রহে আছে চমকে দেওয়ার মতো তালিকা।জানা গিয়েছে, কলাবিভাগে ১৩টি, বাণিজ্যে ৮টি, বিজ্ঞানে ৪টি, আইনে ১৩টি, দর্শনে ১২টি, এমবিএ-তে ১৪টি স্নাতকোত্তর ডিগ্রি। সঙ্গে আরও রয়েছে ২০টি প্রফেশনাল কোর্স, ১১টি সার্টিফিকেট কোর্স, আর ৯টি পিজি ডিপ্লোমা।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও