এসআইআরের তথ্য যাচাইয়ে সক্রিয় কমিশন, আরও পাঁচ পর্যবেক্ষক নিয়োগ

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইয়ার) পর্বে এবার আরও সক্রিয় নির্বাচন কমিশন। সোমবার কমিশন রাজ্যে পাঁচ জন নতুন ডিভিশনাল পর্যবেক্ষক নিয়োগ করল। ইতিমধ্যেই বিশেষ ১২ জন জেলা পর্যবেক্ষক কাজ শুরু করেছেন। কমিশনের অভিমত, এসআইআর প্রক্রিয়ায় রাজ্যের একাধিক ডিইও (জেলা নির্বাচনী আধিকারিক) এবং ইআরও (ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার) ঠিকমতো দায়িত্ব পালন করছেন না। ফলে মাঠপর্যায়ের কাজ নজরদারির আওতায় আনতেই এত পর্যবেক্ষক প্রয়োজন হয়েছে। মুখ্য নির্বাচনী অফিসের সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, লক্ষাধিক অনুপস্থিত, ঠিকানা বদল, মৃত এবং ডুপ্লিকেট ফর্ম জমা নেওয়া হলেও সেগুলি ডিজিটাইজই করা হয়নি। ফর্ম পড়ে রয়েছে বিভিন্ন জেলায়। কমিশনের নিয়ম ভেঙে, বহু জায়গায় ডেটা এন্ট্রি তুলে দেওয়া হয়েছে বেসরকারি সংস্থার হাতে, ফলে তথ্যের গরমিল বাড়ছে। এই দুই তথ্য সামনে আসতেই কমিশন জেলা প্রশাসনকে সাফ জানায়, এখন থেকে এসআইআরের প্রতিটি কাজ নমুনাভিত্তিকভাবে যাচাই করবেন পর্যবেক্ষকেরা। চাইলে সরাসরি বিএলও-দের সংগ্রহ করা তথ্যও মিলিয়ে দেখবেন। এদিকে এসআইআর প্রক্রিয়ার সামগ্রিক গুণমান যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত আইএএস সুব্রত গুপ্তকে। তাঁকে ‘বিশেষ রোল পর্যবেক্ষক’ হিসাবে নিয়োগ করা হয়েছে। তাঁর সঙ্গে রাজ্যে কাজ করছেন আরও ১২ জন বিশেষ পর্যবেক্ষক, যাঁরা জেলার মাঠপর্যায়ের কাজ পর্যবেক্ষণ করবেন।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও