২০২৪ সালের লোকসভা নির্বাচনে বেঙ্গালুরু সেন্ট্রাল সংসদীয় আসনের একটি বিধানসভা কেন্দ্রে এক লক্ষেরও বেশি ভুয়ো ভোট ছিল। এমনই অভিযোগ করেছিলন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, বিজেপি এই ভুয়ো নামের সুযোগ নিয়েছে, যেখানে ছিল ডুপ্লিকেট এন্ট্রি, ভুয়ো ও অকার্যকর ঠিকানা, এক ঠিকানায় একসঙ্গে বহু ভোটার, অবৈধ ছবি, আর ফর্ম ৬-এর অপব্যবহার। তবে বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে খারিজ করেছে। বিরোধী দলগুলির দাবি, নির্বাচন কমিশনকে অবশ্যই মেশিন-পঠনযোগ্য ভোটার তালিকা দিতে হবে। তাদের মতে, সার্চযোগ্য ফরম্যাট অপরিহার্য, যাতে ভুয়ো নাম বা ডুপ্লিকেট এন্ট্রি চিহ্নিত করা সহজ হয়।
ভারতের নির্বাচন কমিশনের কাছে মেশিন-পঠনযোগ্য ভোটার তালিকার দাবি একেবারেই নতুন নয়। ২০১৮ সালেই কংগ্রেস এই দাবি তুলেছিল। কিন্তু নির্বাচন কমিশন তা খারিজ করে, আর সুপ্রিম কোর্টও কমিশনের অবস্থানকে সমর্থন করে। আজ আবার সেই একই দাবি উঠছে।
মেশিন-পঠনযোগ্য ফাইল আসলে কী?
মেশিন-পঠনযোগ্য ফাইল হলো এমন এক ডিজিটাল ডেটা ফরম্যাট, যা কম্পিউটার প্রোগ্রাম কয়েক মিনিটের মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়া, বিশ্লেষণ ও যাচাই করতে পারে—মানুষের হস্তক্ষেপ ছাড়াই। এই ধরনের ফাইল সুসংগঠিত থাকে; প্রতিটি তথ্য স্পষ্টভাবে লেবেল করা ও একই নিয়মে সাজানো থাকে।
এর বিপরীতে, অসংগঠিত ফরম্যাট যেমন পিডিএফ বা স্ক্যান করা ছবি থেকে কার্যকর তথ্য তুলতে গেলে হাতে খুঁজতে হয়, অথবা ত্রুটিপূর্ণ ওসিআর-এর ওপর নির্ভর করতে হয়। বর্তমানে কমিশন যে তথ্য শেয়ার করে, তা মূলত এই ধরনেরই। সহজ করে বললে, মৌলিক কম্পিউটার জ্ঞান থাকলেই কেউ মেশিন-পঠনযোগ্য ফাইল আপলোড করে কমান্ড চালিয়ে বিশ্লেষণ করতে পারবেন।
কেন দরকার মেশিন-পঠনযোগ্য ভোটার তালিকা?
এতে অনেকেই একসঙ্গে ভুয়ো ভোটার খুঁজে বের করতে পারবেন, যাদের নাম বা আত্মীয়তার নাম অর্থহীন বা ভুল।
ডুপ্লিকেট ভোটারও ধরা পড়বে, যাদের নাম, বয়স, ঠিকানা সব একই।
যদিও মৃত ভোটার শনাক্ত করা এখনও কঠিন, তবুও মেশিন-পঠনযোগ্য ডেটা ও গণপর্যায়ের যাচাই প্রক্রিয়া কমিশনকে অনেক দ্রুত ও কার্যকরভাবে ভোটার তালিকা পরিশুদ্ধ করতে সাহায্য করবে (অবশ্যই যাচাই-বাছাই শেষে)।
মেশিন-পঠনযোগ্য ফাইল দিয়ে কী করা সম্ভব?
যদি ভোটার তালিকা মেশিন-পঠনযোগ্য হতো, তাহলে সাধারণ নাগরিকরাও সহজেই নিজের এলাকার তথ্য বিশ্লেষণ করতে পারতেন।
উদাহরণস্বরূপ:
আমি যদি দিল্লির কোনো আসনের ভোটার হই, তাহলে দেখতে পারতাম ঐ আসনে কতজন শান্তি দেবী নিবন্ধিত আছেন।
আমি আরও ফিল্টার করে দেখতে পারতাম তাদের মধ্যে কতজনের বয়স ৫৫ বছর এবং স্বামীর নাম মুখেশ যাদব।
যদি এই একই ব্যক্তি একাধিক জায়গায় নিবন্ধিত থাকেন, তাহলে তা চিহ্নিত করা সম্ভব হতো।
একইভাবে, মুম্বাইতেও একই নাম ও তথ্য খুঁজে মিলিয়ে দেখা যেত।
অবশ্যই, একাধিক বৈধ ভোটার একই নাম বা তথ্য নিয়ে থাকতে পারেন। সেক্ষেত্রে কমিশন ও রাজনৈতিক দলগুলির কাছে থাকা ছবি ও অতিরিক্ত তথ্য ব্যবহার করা যেত।
বর্তমান অবস্থা
এখন এই সমস্ত যাচাই সম্পূর্ণ হাতে করতে হয়। নির্বাচন কমিশনের আধুনিক ব্যবস্থা থাকলেও তা জনসাধারণ বা রাজনৈতিক দলগুলির জন্য উন্মুক্ত নয়।
একটি বুথে কয়েক হাজার ভোটার বা একটি বিধানসভায় ভোটার তালিকা হাতে খুঁজে দেখা সম্ভব। কিন্তু বিশ্বের বৃহত্তম ভোটার তালিকায়, যেখানে ফেব্রুয়ারি ২০২৪ অনুযায়ী ভোটারের সংখ্যা ৯৬.৮৮ কোটি—এটা কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায়।
রাহুল গান্ধী এক লক্ষ “ভোট চুরি”-র অভিযোগ তুলতে গিয়ে জানান, একটি বিধানসভা এলাকার জন্য কমিশন সাত ফুট লম্বা কাগজ দেয়। ভুয়ো ভোটার ধরতে প্রায় ৪০ জনের একটি দলকে টানা ছয় মাস কাজ করতে হয়েছে।
ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি একটি আইনগত অধিকার। খসড়া তালিকা প্রকাশের পর নাগরিক বা রাজনৈতিক দল ফর্ম ৭ ব্যবহার করে আপত্তি বা দাবি তুলতে পারেন, যা বুথ-লেভেল এজেন্টদের মাধ্যমে জমা দেওয়া হয়। পরে বুথ-লেভেল অফিসার তা তদন্ত করে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেন নির্বাচনী রেজিস্ট্রেশন অফিসার।
সাধারণত খসড়া তালিকা প্রকাশ থেকে চূড়ান্ত তালিকা প্রকাশ পর্যন্ত এক মাস সময় থাকে। কিন্তু রাহুল গান্ধীর অভিযোগ অনুযায়ী, সময় ও জনবলের সীমাবদ্ধতার কারণে ব্যাপক ভুয়ো ভোটার চিহ্নিত করা বাস্তবে কঠিন হয়ে দাঁড়ায়।
নির্বাচন কমিশন কি বলছে?
রবিবার এক সাংবাদিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, ২০১৯ সালের সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে রাজনৈতিক দলগুলির সঙ্গে মেশিন-পঠনযোগ্য ফরম্যাটে ভোটার তালিকা ভাগ করা যাবে না। তিনি আরও জানান, মেশিন-পঠনযোগ্য এবং সার্চযোগ্য ফরম্যাটের মধ্যে পার্থক্য রয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যে ভোটার তালিকা রয়েছে তা ভোটার কার্ড নম্বর ব্যবহার করে সার্চ করা যায় এবং ডাউনলোডও করা সম্ভব। তবে মেশিন-পঠনযোগ্য ফরম্যাট শেয়ার করা নিষিদ্ধ, কারণ এটি সম্পাদনা করা যায় এবং অপব্যবহারের সম্ভাবনা থাকে। কংগ্রেস বরাবরই দাবি করে আসছে যে, মেশিন-পঠনযোগ্য ফরম্যাটে তালিকা দিলে ত্রুটি বা ভুয়ো নাম সহজে ধরা সম্ভব হবে। কিন্তু কমিশন জানান, ২০১৯ সালে শীর্ষ আদালত নির্বাচন কমিশনের অবস্থানকে সমর্থন করে জানিয়েছিল যে মেশিন-পঠনযোগ্য ফরম্যাট শেয়ার করলে ভোটারদের ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ হতে পারে।
মেশিন-পঠনযোগ্য ডেটা এলে কী বদলাতে পারে?
যদি অনুমতি দেওয়া হয়, তবে মেশিন-পঠনযোগ্য ভোটার তালিকা ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বচ্ছতা ও আস্থার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।
স্ট্যান্ডার্ড ফরম্যাটে মেশিন-পঠনযোগ্য তালিকা চালু হলে শুধু ভুয়ো বা ডুপ্লিকেট নাম মুছে ফেলার কাজ দ্রুততর হবে না, বরং এই প্রক্রিয়াকে প্রথমবারের মতো অভূতপূর্ব জনপর্যবেক্ষণের জন্য উন্মুক্ত করা যাবে।
প্রায় একশো কোটি ভোটারের গণতন্ত্রে এ ধরনের স্বচ্ছতা নাগরিক, রাজনৈতিক দল ও পর্যবেক্ষক সংস্থাগুলির জন্য ভোটব্যবস্থাকে সুরক্ষিত করার এক যুগান্তকারী পরিবর্তন আনতে পারে।
পয়েন্ট আকারে সংক্ষেপে জেনে নিন:
ভোটার তালিকা কি ?
সংজ্ঞা: ভোটার তালিকা হলো নির্দিষ্ট কোনো আসনে ভোট দেওয়ার জন্য যোগ্য নাগরিকদের সরকারি নামের তালিকা।
কর্তৃত্ব: নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে জেলা স্তরের আধিকারিকরা এটি প্রস্তুত ও হালনাগাদ করেন।
গতিশীল প্রকৃতি: নিয়মিতভাবে নতুন ভোটার যুক্ত হয়, মৃত বা স্থানান্তরিত ব্যক্তিদের নাম বাদ দেওয়া হয়, এবং ত্রুটি সংশোধন করা হয়।
অ্যাক্সেস: এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে শত শত আসনের ‘পার্ট’ আকারে পিডিএফ ফরম্যাটে পাওয়া যায়।
মেশিন-পঠনযোগ্য ভোটার তালিকা সম্পর্কে:
যেখানে তালিকাগুলি ইমেজ-পিডিএফ নয়, বরং টেক্সট-পিডিএফ বা এক্সেল/সিএসভি ফরম্যাটে পাওয়া যায়।
এতে কম্পিউটার সহজে ডেটা ইনডেক্স, সার্চ ও বিশ্লেষণ করতে পারে।
কিভাবে কাজ করে?
ইমেজ পিডিএফ: ডিজিটালি সার্চ করা যায় না, কেবল মানুষের চোখে খুঁজে পাওয়া যায়।
টেক্সট পিডিএফ/সিএসভি: কম্পিউটার ভিত্তিক মিল খোঁজা, ডুপ্লিকেট সনাক্তকরণ ও বৃহৎ আকারে যাচাই সম্ভব।
ওসিআর (অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন): স্ক্যান করা ইমেজ-পিডিএফ কে মেশিন-পঠনযোগ্য টেক্সটে রূপান্তর করে, তবে এটি ব্যয়বহুল ও সময়সাপেক্ষ (কারণ দেশজুড়ে লক্ষ লক্ষ পৃষ্ঠা রয়েছে)।
কেন নির্বাচন কমিশন মেশিন-পঠনযোগ্য তালিকা দেওয়া বন্ধ করেছে?
তথ্য-গোপনীয়তার উদ্বেগ: নাম ও ঠিকানা বিদেশি সংস্থা বা অসৎ ব্যক্তিদের দ্বারা অপব্যবহার হতে পারে।
২০১৮ সালের সুপ্রিম কোর্ট মামলা (কমল নাথ বনাম ইলেকশন কমিশন): আদালত নির্বাচন কমিশনকে টেক্সট-ভিত্তিক ভোটার তালিকা শেয়ার করতে বাধ্য করেনি।
ইসি-র অভ্যন্তরীণ নির্দেশ (২০১৮): ভোটারদের পরিচয় সুরক্ষিত রাখতে রাজ্যগুলিকে কেবল ইমেজ-পিডিপি ফ আপলোড করার নির্দেশ দেওয়া হয়।
নিরাপত্তা ঝুঁকি: সার্চযোগ্য তথ্য প্রোফাইলিং, নজরদারি বা রাজনৈতিকভাবে টার্গেট করার কাজে অপব্যবহার হতে পারে।
বিকল্প হিসেবে: রাজনৈতিক দলগুলিকে নিজ খরচে ওসিআর ব্যবহার করে পিডিএফ-কে রূপান্তর করার অনুমতি দেওয়া হয়েছে, যদিও এটি ব্যয়সাপেক্ষ ও জটিল। সূত্র: নিউজ ১৮, দ্য হিন্দু




