ভোটের মুখে ভোটার তালিকা ঘিরে দড়িটানাটানি আর রহস্য যেন কাটতেই চাইছে না। রাজ্যে চতুর্থ ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। শনিবার রাতে এই তালিকা প্রকাশ্যে আসতেই নতুন করে জল্পনা শুরু হয়েছে। এই নিয়ে এখনও পর্যন্ত তিন দফায় অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল কমিশন। তবে প্রশ্ন উঠছে স্বচ্ছতা নিয়ে। নিষ্পত্তি হওয়া কত ভোটারের নাম এই তালিকায় ঠাঁই পেল আর কত জনের নাম কাটা গেল সেই খতিয়ান এ বারও স্পষ্ট করেনি কমিশন। গত ২৮ ফেব্রুয়ারি যখন রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকার প্রাথমিক অংশ প্রকাশিত হয়েছিল, তখন ‘বিবেচনাধীন’ ভোটারের সংখ্যা ছিল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন। সেই জটিলতা কাটাতে ৭০৫ জন বিচারককে কাজ করছে। তাঁদের হাত ধরেই ধাপে ধাপে নিষ্পত্তি হচ্ছে ভোটারদের ভাগ্য। ২৩ মার্চ প্রকাশিত প্রথম অতিরিক্ত তালিকায় নাম ছিল প্রায় ২৭ লক্ষ মানুষের। শুক্রবার গভীর রাতে দ্বিতীয় দফার তালিকায় সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৭ লক্ষে। আর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই শনিবার রাতে প্রকাশিত হলো তৃতীয় অতিরিক্ত তালিকা।কমিশন সূত্রে খবর, শনিবার পর্যন্ত প্রায় ৩৮ লক্ষ ভোটারের তথ্যের নিষ্পত্তি করে ফেলা গিয়েছে। প্রকাশিত তালিকায় মোট সংখ্যার উল্লেখ থাকলেও, আসল সত্যটি এখনও আড়ালেই রাখা হয়েছে। নিষ্পত্তি হওয়া এই বিপুল সংখ্যক মানুষের মধ্যে কতজন শেষ পর্যন্ত বৈধ ভোটার হিসেবে স্বীকৃতি পেলেন এবং কতজনের নাম ‘ডিলিট’ বা বাতিল হয়ে গেল, তা নিয়ে কমিশন কোনও পৃথক তালিকা বা তথ্য প্রকাশ করেনি। আদালতের নির্দেশে ধাপে ধাপে তালিকা প্রকাশের প্রক্রিয়া চললেও, সাধারণ ভোটারদের মনে সংশয় দানা বাঁধছে।



