জেনারেশন বিটা যখন আবির্ভূত হচ্ছে, তখন তাদের বেড়ে ওঠা গভীরভাবে প্রভাবিত হবে অগ্রসর প্রযুক্তি, বৈশ্বিক সংযোগ এবং সামাজিক চেতনায়। পূর্ববর্তী প্রজন্মের থেকে ভিন্নভাবে তারা এমন এক পৃথিবী দেখবে, যেখানে ডিজিটাল বাস্তবতা ও পরিবেশগত চ্যালেঞ্জ তাদের মূল্যবোধ, পারস্পরিক সম্পর্ক এবং শিক্ষার ধারা নির্ধারণ করবে। ফলে প্রজন্মগত বৈশিষ্ট্য ও সামাজিক মানদণ্ডে এক বড় পরিবর্তনের সূচনা হবে।
আগামী প্রজন্মের জন্য পৃথিবী কেমন হতে পারে? প্রযুক্তি বদলায়, সংস্কৃতির ধারা পাল্টায়, আর সমাজের মূল্যবোধও প্রতিটি প্রজন্মের সাথে সাথে অগ্রসর হয় এবং তারা নিজেরাই ভবিষ্যৎকে নতুনভাবে সংজ্ঞায়িত করে নেয়। ২০১০ থেকে ২০২৪ সালে জন্ম নেওয়া জেনারেশন আলফা ভবিষ্যতের পথকে সুগম করেছে। এখন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে জেনারেশন বিটা।
২০২৫ সাল থেকে জন্ম নেওয়া এই শিশুদের পৃথিবী হবে একেবারে ভিন্ন, যেখানে তারা পূর্বসূরিদের চেয়ে ভিন্ন বাস্তবতার মুখোমুখি হবে। তাদের সংজ্ঞায়িত করবে কী? দ্রুত অগ্রসরমান প্রযুক্তি কীভাবে তাদের গড়ে তুলবে? একবিংশ শতকের পরিবেশগত সংকট এবং ক্রমবিবর্তনশীল সামাজিক প্রেক্ষাপট তাদের কেমনভাবে প্রভাবিত করবে?
এই প্রবন্ধে আলোচনা করা হয়েছে জেনারেশন বিটার সম্ভাব্য বৈশিষ্ট্য, মূল্যবোধ এবং চ্যালেঞ্জগুলো। পাশাপাশি বিশ্লেষণ করা হয়েছে তাদের এবং পূর্ববর্তী প্রজন্মের মধ্যে সৃষ্ট ফারাক বা বিভাজন। আসুন, আমরা এক ভ্রমণে যাই, সময়ের পর্দা সরিয়ে আগামী সমাজকে দেখি মানবজাতির নতুন তরঙ্গ জেনারেশন বিটার চোখ দিয়ে।
প্রজন্মের সংজ্ঞা
জেনারেশন বিটাকে বুঝতে হলে আগের প্রজন্মগুলোর বৈশিষ্ট্য জানা প্রয়োজন। নিচে সংক্ষিপ্ত একটি তালিকা দেওয়া হলো:
প্রজন্ম | জন্মসাল| মূল বৈশিষ্ট্য
সাইলেন্ট জেনারেশন: ১৯২৮ – ১৯৪৫ ধৈর্য, নিয়মমান্যতা, কঠোর পরিশ্রমের নৈতিকতা।
বেবি বুমারস: ১৯৪৬ – ১৯৬৪ আশাবাদ, সামাজিক আন্দোলন, অর্থনৈতিক উন্নতি।
জেনারেশন এক্স: ১৯৬৫ – ১৯৮০ স্বাধীনচেতা, কর্তৃপক্ষ নিয়ে সংশয়, মানিয়ে নেওয়ার ক্ষমতা।
মিলেনিয়ালস (জেন ওয়াই): ১৯৮১ – ১৯৯৬ প্রযুক্তি-বান্ধব, বস্তু নয়—অভিজ্ঞতাকে বেশি মূল্য দেয়।
জেনারেশন জেড: ১৯৯৭ – ২০১২ ডিজিটাল প্রজন্ম, সামাজিকভাবে সচেতন, বৈচিত্র্যময়।
জেনারেশন আলফা: ২০১০ – ২০২৪ প্রযুক্তির গভীর প্রভাব, বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, পরিবেশগত সচেতনতা।
জেনারেশন বিটার বৈশিষ্ট্য:
যদিও জেনারেশন বিটা এখনো শৈশবেই, তবুও বর্তমান সামাজিক পরিবর্তন দেখে তাদের সম্ভাব্য বৈশিষ্ট্য সম্পর্কে কিছু ধারণা করা যায়-
ডিজিটাল নেটিভস: পূর্বসূরিদের মতোই তারা প্রযুক্তিতে বেড়ে উঠবে, তবে কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চুয়াল রিয়্যালিটি ও অগমেন্টেড রিয়্যালিটি -এর মতো উন্নত প্রযুক্তির সঙ্গে ছোটবেলা থেকেই পরিচিত হবে।
বর্ধিত বৈশ্বিক সচেতনতা: বৈশ্বিক যোগাযোগ প্ল্যাটফর্মের সহজলভ্যতার কারণে তারা পৃথিবীর নানা সমস্যার (যেমন-জলবায়ু পরিবর্তন, সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক বৈষম্য) প্রতি আরও সংবেদনশীল হবে।
মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব: পূর্ববর্তী প্রজন্মের অভিজ্ঞ মানসিক স্বাস্থ্য সংকট, বিশেষত কোভিড-১৯ মহামারির প্রেক্ষাপটে, তাদেরকে মানসিক সুস্থতা ও আবেগীয় বুদ্ধিমত্তার দিকে অগ্রাধিকার দিতে উদ্বুদ্ধ করবে।
শিক্ষার বিপ্লব: প্রযুক্তিনির্ভর শিক্ষা প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগতকৃত হয়ে উঠবে। ফলে জেনারেশন বিটা একেবারে নিজস্ব চাহিদা অনুযায়ী শিক্ষা গ্রহণ করতে পারবে।
সামাজিক দায়বদ্ধতা: সামাজিক আন্দোলন ও সচেতন পূর্বসূরিদের প্রভাবের কারণে তারা আরও বেশি দায়িত্বশীল ও সক্রিয় নাগরিক হিসেবে গড়ে উঠবে, সমাজে পরিবর্তন আনার মানসিকতা নিয়ে।
প্রজন্মগত ফারাক:
জেনারেশন বিটা ও তাদের পূর্বসূরিদের মধ্যে ফারাক বোঝা যায় মূলত মূল্যবোধ ও যোগাযোগের ধরনে পার্থক্যের মাধ্যমে-
প্রযুক্তির ব্যবহার: মিলেনিয়ালস ও জেনারেশন জেডকে কৈশোর ও তরুণ বয়সে প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে হয়েছিল। কিন্তু জেনারেশন বিটার জন্য প্রযুক্তি হবে জন্ম থেকেই স্বাভাবিক পরিবেশ। ফলে তাদের যোগাযোগের মাধ্যম ও তথ্য গ্রহণের ধরণ হবে সম্পূর্ণ আলাদা।
কর্মনৈতিকতা: আগের প্রজন্মেরা ঐতিহ্যবাহী কর্মনৈতিকতার উপর জোর দিত। কিন্তু মহামারির সময়ে শুরু হওয়া ‘রিমোট ওয়ার্ক’ প্রবণতার কারণে জেনারেশন বিটার কর্মনৈতিকতা হতে পারে ভিন্ন ধরনের।
সামাজিক মিথস্ক্রিয়া: ডিজিটাল যোগাযোগ ক্রমশ প্রভাব বিস্তার করছে। তাই মুখোমুখি আলাপচারিতা জেনারেশন বিটার জীবনে পূর্ববর্তী প্রজন্মের তুলনায় অনেকটাই বদলে যেতে পারে। পূর্বসূরিরা যেখানে সরাসরি সাক্ষাতের মূল্য দিত, সেখানে বিটারা হয়তো ভার্চুয়াল যোগাযোগকেই স্বাভাবিক বলে মেনে নেবে।
ভবিষ্যৎ সমাজে জেনারেশন বিটার আবির্ভাব আমাদের সামনে আনবে এক নতুন ধারা। এসব পরিবর্তন পর্যবেক্ষণ করতে পারলে প্রজন্মগুলির মধ্যে আলাপচারিতা গড়ে তোলা সহজ হবে। কেবল পার্থক্য বা সাদৃশ্য নির্ধারণ নয়, এতে সমাজ আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে পারবে এবং সেইসঙ্গে নতুন প্রজন্ম যে সম্ভাবনা বয়ে আনছে, তাকেও গ্রহণ করতে পারবে। এসব রূপান্তর প্রজন্মগত বিভাজন দূর করতে সাহায্য করবে এবং বিভিন্ন বয়সী মানুষের পারস্পরিক সহযোগিতায় জটিল পৃথিবীকে সামলানো আরও সহজ হয়ে উঠবে।




