ত্রাণের আশায় আতঙ্কে অপেক্ষমাণ গাজাবাসী

ইসরায়েল সরকার ১১ সপ্তাহের পুরনো অবরোধ প্রত্যাহার করেছে বলে দাবি করার দুই দিন পরও গাজায় কোনো ত্রাণ পৌঁছায়নি বলে জানিয়েছেন জাতিসংঘের এক ত্রাণ কর্মকর্তা। এই অবরোধ ফিলিস্তিনের এই ভূখণ্ডটিকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সোমবার পাঁচটি ও মঙ্গলবার ৯৩টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। তবে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) এবং স্থানীয় বেকারিগুলোর সূত্রে জানা গেছে, এই ত্রাণ এখনো পৌঁছেনি গাজার স্যুপ রান্নার কেন্দ্র, বেকারি, বাজার কিংবা হাসপাতালগুলিতে।
ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর আন্তোয়ান রেনার্ড বলেন,“এই সীমিত সংখ্যক ট্রাকের কোনোটিই গাজার জনগণের কাছে পৌঁছায়নি।” তিনি জানান, ত্রাণবাহী ট্রাকগুলো গাজার দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত কেরেম শালোম লজিস্টিক হাবে আটকে আছে বলে মনে হচ্ছে।

ইসরায়েলি অবরোধ গাজার মানুষের জীবনযাত্রাকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। আন্তর্জাতিক মহল ও অভ্যন্তরীণ মহল থেকে ইসরায়েল সরকারের ওপর চাপ ক্রমেই বাড়ছে। এক বিরোধী রাজনৈতিক নেতা সতর্ক করে বলেছেন, এভাবে চলতে থাকলে ইসরায়েল ‘একঘরে রাষ্ট্রে’ পরিণত হতে পারে।

গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়ার ৬৭ বছর বয়সী সাবাহ ওয়ারশ আঘা গাজা শহরের উপকূলে টেন্টের মধ্যে আশ্রয় নিয়েছে. তিনি বলছিলেন, “ময়দা নেই, খাবার নেই, পানি নেই। আগে পাম্প থেকে পানি আনতাম, এখন সেটাও বন্ধ হয়ে গেছে। ডিজেল নেই, গ্যাস নেই।”

বেকারি মালিকদের সংগঠনের প্রধান আবদেল-নাসের আল-আজরামি জানান, ডব্লিউএফপির তরফ থেকে যে ২৫টি বেকারিকে ময়দা সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তারা এখনো কিছুই পায়নি। ক্ষুধার্ত মানুষজন প্রতীক্ষায় থাকলেও কোনো স্বস্তি মিলছে না।

ত্রাণের আশায় আতঙ্কে অপেক্ষমাণ গাজাবাসী, আন্তর্জাতিক চাপ বাড়ছে ইসরায়েলের ওপর

প্রতিদিন আতঙ্কে ভিড়ের মাঝে ছয় ঘণ্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকেন মাহমুদ আল-হাও। শুধুমাত্র একবাটি ডালসুপ পাওয়ার জন্য, যাতে অন্তত তার সন্তানদের বাঁচিয়ে রাখা যায়। মাহমুদ বলেছেন, “আমি সকাল আটটা থেকে এখানে দাঁড়িয়ে আছি, শুধু ছয়জনের জন্য এক প্লেট খাবার পাওয়ার আশায়, যা একজনের জন্যও যথেষ্ট নয়।”

ইসরায়েল মার্চ মাসে গাজায় অবরোধ আরোপ করে, দাবি করে এই ত্রাণ হামাস হরণ করছে, যা হামাস অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের সমর্থনে একটি নতুন ত্রাণ বিতরণ ব্যবস্থা চালু করার প্রস্তুতি চলছে, যাতে বেসরকারি ঠিকাদারদের মাধ্যমে ত্রাণ পৌঁছানোর কথা।

এই অপেক্ষার মাঝেই বুধবার গাজা জুড়ে বিমান হামলা ও ট্যাংকের গোলাবর্ষণে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা ১১৫টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে, যার মধ্যে রকেট উৎক্ষেপণ স্থল, সুড়ঙ্গপথ এবং অন্যান্য সামরিক স্থাপনা ছিল।

মার্চ মাসে দুই মাসের অস্ত্রবিরতির পর ইসরায়েলের এই পুনরায় হামলা আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। এমন দেশগুলো থেকেও যারা সাধারণত ইসরায়েলকে প্রকাশ্যে সমালোচনা করতে দ্বিধা করে। এমনকি যুক্তরাষ্ট্র, যা ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র, তারাও এখন নেতানিয়াহুর ওপর ধৈর্য হারাতে শুরু করেছে।

ব্রিটেন ইতোমধ্যেই ইসরায়েলের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বিরতি দিয়েছে এবং ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা করেছে, তারা ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের চুক্তি পুনর্বিবেচনা করবে গাজার “বিপর্যয়কর পরিস্থিতি”-র প্রেক্ষিতে। ব্রিটেন, ফ্রান্স এবং কানাডা হুঁশিয়ারি দিয়েছে, ইসরায়েল যদি আগ্রাসন বন্ধ না করে, তাহলে তারা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।

‘একঘরে রাষ্ট্র’ হওয়ার আশঙ্কা, ইসরায়েলের অভ্যন্তরেও বাড়ছে যুদ্ধ নিয়ে বিতর্ক

ইসরায়েলের ভিতরেই যুদ্ধ ও ত্রাণনীতি নিয়ে ক্ষোভ দানা বাঁধছে। দেশটির বামপন্থী বিরোধীদলীয় নেতা এবং ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক উপ-প্রধান ইয়াইর গোলান এই সপ্তাহে সরকার ও তার সমর্থকদের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েন, যখন তিনি বলেন, সুস্থ মস্তিষ্কের কোনো দেশ শখ করে শিশু হত্যা করে না। তিনি সতর্ক করেন, ইসরায়েল ‘বিশ্ববাসীর চোখে একঘরে রাষ্ট্রে’ পরিণত হতে পারে।

২০২৩ সালের ৭ই অক্টোবর হামাস হামলার পরে নিজে হাতে আহতদের উদ্ধার করতে গিয়ে আলোচিত হওয়া গোলানের রাজনৈতিক দল নির্বাচনে খুব বেশি প্রভাবশালী না হলেও, তাঁর মন্তব্য এবং সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সমমনস্ক বক্তব্য ইসরায়েলের অভ্যন্তরে যুদ্ধ নিয়ে বাড়তে থাকা অস্বস্তি ও বিভাজনের ইঙ্গিত দেয়। এখনো গাজায় ৫৮ জন জিম্মি অবস্থায় থাকার মধ্যেই যুদ্ধ চালিয়ে যাওয়া নিয়ে এই বিতর্ক তীব্র হচ্ছে।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই সমালোচনাকে গুরুত্ব দিতে অস্বীকৃতি জানিয়ে এক ভিডিও বিবৃতিতে বলেন, “আমি ওলমার্ট ও ইয়াইর গোলানের কথা শুনেছি। এটা রীতিমতো আতঙ্কজনক। যখন আইডিএফ সেনারা হামাসের বিরুদ্ধে লড়ছে, তখন কিছু লোক মিথ্যা প্রচারণা চালিয়ে ইসরায়েল রাষ্ট্রকে দুর্বল করছে।”

ইসরায়েলে সম্প্রতি হিব্রু বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা গেছে, ৭০ শতাংশ নাগরিক যুদ্ধবিরতির পক্ষে, যদি তা জিম্মিদের মুক্তির চুক্তির আওতায় হয়। তবে ইসরায়েলি মন্ত্রিসভার কট্টর ডানপন্থীরা যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে। তারা বলেন চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত যুদ্ধ চলবে, যার মধ্যে হামাসকে নিরস্ত্রীকরণ এবং সব জিম্মির মুক্তি অন্তর্ভুক্ত থাকবে। এদের কেউ কেউ গাজা থেকে সমস্ত ফিলিস্তিনিকে উচ্ছেদ করার কথাও বলছেন।

কেরেম শালোম সীমান্ত দিয়ে কিছু ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করার সময় ইসরায়েলের একদল প্রতিবাদকারী। তারা দাবি করেন, যতক্ষণ না সব জিম্মি মুক্ত হয়, ততক্ষণ গাজায় কোনো ত্রাণ পাঠানো উচিত নয়। তারা সেই ট্রাকগুলোর পথ আটকে দেওয়ার চেষ্টা করেন।

নেতানিয়াহু দুর্নীতির মামলায় দেশে বিচারাধীন এবং যাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, বর্তমানে জনমত জরিপে পিছিয়ে আছেন এবং যুদ্ধনীতি নিয়ে কট্টরপন্থীদের দিকেই ঝুঁকে আছেন।

ইসরায়েল ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজায় সামরিক অভিযান শুরু করে, যেখানে ইসরায়েলি হিসাব অনুযায়ী হামাস ১,২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে অপহরণ করে গাজায় নিয়ে যায়। এই অভিযানে এখন পর্যন্ত গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, ৫৩,৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, এবং উপকূলীয় এই ভূখণ্ডটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর মতে, সেখানে চরম অপুষ্টি ও মানবিক বিপর্যয়ের লক্ষণ স্পষ্ট। সূত্র: রয়টার্স

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও