গণমাধ্যম ও জনবয়ান কীভাবে নিয়ন্ত্রণে নিচ্ছেন মোদী

আদিশঙ্কর দুই ধরনের সত্যের কথা বলেছিলেন—একটি সাধারণ মানুষের চোখে দেখা সত্য, আর একটি সেই চরম সত্য, যা আত্মবোধ সম্পন্ন সাধক উপলব্ধি করেন। প্রথমটি ক্ষণস্থায়ী, দ্বিতীয়টি চিরন্তন। কিন্তু নরেন্দ্র মোদীর ভারতে সত্যের তিনটি স্তর দেখা যায়। প্রথমটি হল গণমাধ্যমে প্রচারিত সরকারপন্থী সত্য, যা জনমানসে প্রতিষ্ঠিত হয়ে যায়। দ্বিতীয়টি হল বিকল্প বা স্বাধীন মিডিয়ার উপস্থাপিত পাল্টা মত, যা প্রধানত ওয়েবসাইট, ইউটিউব ও সামাজিক মাধ্যমে ছড়ায়। আর তৃতীয়টি হল আসল সত্য—যা সত্যিই ঘটেছে।

যখন প্রতিশ্রুতি পূরণ হয় না, তখন অনেক সময় কর্তৃত্ববাদী সরকার তথ্যপ্রবাহের মূল উৎসেই বাধা দেয়। তারা সরকারি তথ্য ও পরিসংখ্যানকে বিকৃত করে, যাতে স্বাধীন সংস্থাগুলি প্রশ্ন না তোলে। সেন্টার ফর পলিসি রিসার্চ (সিপিআর), গ্রিনপিস ইন্ডিয়া, অক্সফাম, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল–এর মতো সংস্থাগুলির বিদেশি তহবিলে বাধা দেওয়া হয়েছে, এমনকি অভিযান চালিয়ে তাদের কার্যক্রমেও বিঘ্ন ঘটানো হয়েছে। অপরদিকে, সরকারপন্থী থিঙ্কট্যাঙ্কগুলিকে সরকারি প্রকল্প ও গবেষণার দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রিন্ট মিডিয়া এই নিয়ন্ত্রণের সবচেয়ে বড় শিকার। কারণ সংবাদপত্র চালাতে বিপুল বিনিয়োগ ও উৎপাদন খরচ লাগে, যা সহজেই চাপ ও ভয়ের শিকার হতে পারে। তবুও, সংবাদপত্রের টিকে থাকার অন্যতম ভরসা হল পাঠকের আস্থা। তাই তারা টিভি চ্যানেলের মতো বেপরোয়া হতে পারে না। ফলে একটি জটিল ভারসাম্যের মধ্যে সংবাদপত্রগুলো পড়ে, একদিকে সরকারের সঙ্গে সমন্বয় রাখা, আরেকদিকে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য থাকার ভান বজায় রাখা।

অন্যদিকে, টেলিভিশন মিডিয়া দ্রুতই সরকারের তথ্যানিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে সুর মিলিয়ে ফেলেছে। রাজনৈতিক প্রতিবেদকদের মতে, প্রধানমন্ত্রীর দফতর থেকে মোদীর প্রতিটি ভাষণের পাঠ্যাংশ সাংবাদিকদের পাঠানো হয়। সেগুলিই রিপোর্ট লেখার প্রধান উপাদান হয়ে ওঠে। এমনকি নির্দিষ্ট সংবাদগুলির জন্য প্রস্তুত করা কিছু হেডলাইনও দেওয়া হয়, যেগুলির মধ্যে থেকে তারা বেছে নিতে পারেন। এইসব খবর প্রায়শই কোনো নেতিবাচক বিশ্লেষণ ছাড়া, হুবহু ছাপানো হয়।

এই লেখক যখন ১৯৭০-এর দশকে রাজনৈতিক সাংবাদিকতা শুরু করেছিলেন, তখন বারবার শেখানো হত—রাজনৈতিক রিপোর্টে প্রাসঙ্গিক প্রেক্ষাপট দেওয়া অত্যন্ত জরুরি। অন্য পক্ষের প্রতিক্রিয়া, পটভূমি ও সম্ভাব্য প্রভাব তুলে ধরা হত, যাতে প্রতিবেদনটি ভারসাম্যপূর্ণ হয়। কিন্তু আজ সেই রীতি প্রায় সম্পূর্ণ বিলুপ্ত।

গত দুই বছরে পরিস্থিতি আরও অবনতির দিকে গেছে। মূলধারার গণমাধ্যম এখন বিরোধী দলগুলোর প্রতি আগ্রাসী মনোভাব গ্রহণ করেছে। বিরোধীদের ছোটখাটো বিষয় নিয়েও রিপোর্ট খুঁড়ে বের করা হচ্ছে, যাতে তারা সর্বদা বিভক্ত, ঝগড়াপ্রবণ ও মোদীর বিকল্প হয়ে ওঠার অযোগ্য হিসেবে প্রমাণিত হয়।

ভারত জোটে নেতৃত্বের প্রশ্নে মতানৈক্য—এই বিষয়টি মূলধারার মিডিয়ার প্রিয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেমন, কানহাইয়া কুমারকে একাধিকবার বলেতে হয়েছে যে, তাঁর দল বিহারে তেজস্বী যাদবের নেতৃত্বে কোনও আপত্তি রাখে না। অথচ কিছু সংবাদমাধ্যম বড় করে রিপোর্ট করেছিল যে, ‘বিভক্ত বিরোধীরা’ সংসদে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সরকারকে চাপে ফেলতে ব্যর্থ। আরও একটি রিপোর্টে বিভিন্ন বিরোধী দলের প্রতিক্রিয়া দেখিয়ে দাবি করা হয়, ‘ইন্ডিয়া জোট একজোট নয়’। কিন্তু সংসদের বর্ষাকালীন অধিবেশন প্রমাণ করে দেয় সেই রিপোর্ট কতটা বিভ্রান্তিকর ছিল।

এই ধরনের মিডিয়া বিশ্লেষণ নিজে থেকে ভুল নয়, যদি তা সব পক্ষের ক্ষেত্রেই সমানভাবে প্রয়োগ করা হয়। সমস্যা তখনই, যখন শুধু বিরোধীদের বেলায় এই কৌশল প্রয়োগ করা হয় এবং শাসকদলের দ্বন্দ্ব বা মতানৈক্য চেপে যাওয়া হয়, যতক্ষণ না তা প্রকাশ্যে ফেটে পড়ে।

প্রশ্ন উঠছেই—আপনি কি শাসকদলের অভ্যন্তরীণ বিরোধ নিয়ে এমন সমালোচনামূলক রিপোর্ট দেখেছেন? সম্ভবত নয়। কারণ মিডিয়া ব্যবস্থার একটি বড় অংশ আজ ‘উপরের নির্দেশে’ পরিচালিত হচ্ছে, যেখানে সরকার-বিরোধিতা নয়, বরং বিরোধীদের দুর্বলতা খোঁজাই প্রধান উদ্দেশ্য।

ইন্ডিয়া জোটের নেতৃত্ব ঘিরে বিভাজনের খবর যেন থামছেই না। সংবাদমাধ্যমে বারবার এমনভাবে তুলে ধরা হয়েছে যেন বিরোধীরা চিরকালীন দ্বন্দ্বে জর্জরিত। কনহাইয়া কুমার একাধিকবার বলতে বাধ্য হয়েছেন যে, বিহারে তেজস্বী যাদবের নেতৃত্ব নিয়ে তাদের দলের কোনও আপত্তি নেই। তবুও কিছু সংবাদমাধ্যম বড় করে ফলাও করে খবর করে, যেন বিরোধী জোট সম্পূর্ণরূপে বিভক্ত এবং তারা সংসদে ‘অপারেশন সিঁদুর’ ইস্যুতে সরকারকে চাপে ফেলতে ব্যর্থ হয়েছে।

অন্য একটি রিপোর্ট বিভিন্ন বিরোধী দলের প্রতিক্রিয়া জুড়ে ‘উল্লসিত ভঙ্গিতে’ দাবি করে, ইন্ডিয়া জোট একেবারেই ঐক্যবদ্ধ নয়। কিন্তু সংসদের বর্ষাকালীন অধিবেশন প্রমাণ করে দেয়, এই দাবিগুলি কতটা বিভ্রান্তিকর ছিল। বাস্তবে, বিরোধী দলগুলোর সমন্বিত ভূমিকা সেখানে অনেক বেশি সংগঠিত এবং কার্যকর ছিল।

ইন্ডিয়া জোটে ‘নেতৃত্ব নিয়ে টানাপোড়েন’ মূলধারার গণমাধ্যমের বহুদিনের প্রিয় বিষয়। স্বাভাবিক পরিস্থিতিতে এমন খবর কাভার করায় দোষের কিছু নেই। কিন্তু সমস্যা হয় তখনই, যখন এ ধরনের বিশ্লেষণ শুধুমাত্র বিরোধীদের ক্ষেত্রেই প্রযোজ্য হয়—বসদের চাপেই হয়তো বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে।

একবার ভাবুন, শাসকদলের অভ্যন্তরীণ বিরোধ, মতবিরোধ বা নেতৃত্ব নিয়ে সংঘাত— এমন সমালোচনামূলক রিপোর্ট কি আপনি প্রায়শই দেখেন? যতক্ষণ না তা প্রকাশ্যে ফেটে পড়ে, ততক্ষণ পর্যন্ত তা মিডিয়ার বয়ানে জায়গা পায় না।

যখনই বিরোধী নেতারা শাসক দলের নীতির সমালোচনা করেন, তখনই খবরের কাগজে সেই বিবৃতির সঙ্গে সঙ্গে শাসক দলের ‘সরকারি প্রতিক্রিয়া’ তুলে ধরা হয়—সাধারণত দ্বিতীয় অনুচ্ছেদেই। কিছু সংবাদপত্র তো এক ধাপ এগিয়ে গিয়ে প্রথমেই শাসক দলের বক্তব্য বা অস্বীকার ছাপায়, আর বিরোধীদের মূল অভিযোগ দু-একটি বাক্যে শেষ দিকে ঠাঁই পায়।

অন্যদিকে, বিজেপি নেতাদের বিবৃতি প্রায়শই একক প্রতিবেদন হিসেবে প্রকাশ পায়, প্রথম পাতায়, চোখে পড়ার মতো জায়গায়, পাতার ভাঁজের নিচে নয়। বিপরীতে, বিরোধীদের বিবৃতি গুঁজে দেওয়া হয় ভেতরের পাতায়, ভাঁজের নিচে, ছোট এক কলামে—যতক্ষণ না তা কোনও বিতর্কের ঝড় তোলে।

এই পক্ষপাতদুষ্ট উপস্থাপন ও পাঠকের মধ্যে নিরপেক্ষ, তথ্যভিত্তিক সংবাদের দাবি, এই দুইয়ের টানাপোড়েনের মাঝে মূলধারার গণমাধ্যম এক গভীর অস্তিত্ব সংকটে পড়েছে। ফলে তারা বিশ্বাসযোগ্যতা বনাম আনুগত্য এই ব্যবধান মেটাতে বেশ কিছু সূক্ষ্ম কৌশল গ্রহণ করছে।

এর একটি উদাহরণ হল, পে-ওয়ালযুক্ত বিশেষ প্রতিবেদন, যেগুলির অনেকটাই শাসক দলের সমালোচনামূলক। কিন্তু যেহেতু এগুলি সাধারণ পাঠকের নাগালের বাইরে থাকে, তাই বেশিরভাগই অদৃশ্য থেকে যায়। অনেক সময় ইচ্ছাকৃতভাবেই এমন সমালোচনামূলক রিপোর্ট কেবলমাত্র অনলাইন সংস্করণের জন্য রাখা হয়, যাতে ছাঁটাই বা সেন্সরের কবলে না পড়ে, আবার সচেতন পাঠকদেরও বার্তা দেওয়া যায়।

তবে এই সব উদ্যোগ সংবাদপত্রের সম্পূর্ণতার দাবি দুর্বল করে দিচ্ছে। আরেকটি নতুন প্রবণতা হল—দিল্লি সংস্করণে মোদী সরকারের প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা বজায় রাখা, আর আঞ্চলিক সংস্করণগুলিকে স্থানীয় রাজনীতির প্রেক্ষাপটে নিজেদের মতো সামঞ্জস্য করতে দেওয়া।

আজকের ভারতে আমরা এক নতুন ধরনের মিডিয়া অ্যাক্টিভিজম দেখছি—সবচেয়ে বিপজ্জনক রূপে। আদানি মালিকানাধীন এনডিটিভি-র প্রধান সম্পাদককে ঘিরে অভিযোগ উঠেছে, তিনি মুম্বাই ব্যুরো চিফকে নির্দেশ দিয়েছিলেন যেন রাহুল গান্ধীর এক হোটেল-বেসড সাংবাদিক সম্মেলনে গোলমাল ও বিশৃঙ্খলা তৈরি করা হয়।

অন্য এক টিভি চ্যানেল আবার দ্রুত একটি ‘সমীক্ষা’ চালিয়ে দাবি করে, নাকি ৮৮ শতাংশ মানুষ ‘অপারেশন সিঁদুর’-এ প্রধানমন্ত্রী মোদীর সমর্থনে রয়েছেন! একইসঙ্গে তারা এটাও প্রচার করে যে, ৮৭ শতাংশ মানুষ রাহুল গান্ধীর ‘নারেন্ডার-সারেন্ডার’ মন্তব্যে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন।

নরেন্দ্র মোদী, অন্যান্য তথাকথিত ‘স্পিন-ডিকটেটরের’ মতোই, স্বাধীন গণমাধ্যমের প্রতি বরাবরই সন্দেহপ্রবণ। দুই বছর আগে ভারত সরকার তথ্যপ্রযুক্তি আইনের সংশোধন করে এই নিয়ন্ত্রণ আরও আঁটসাঁট করেছে। এই সংশোধনী অনুযায়ী, সরকার যে কোনও কনটেন্টকে “ভুয়ো” বলে চিহ্নিত করে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব-এর মতো প্ল্যাটফর্মকে তা মুছে ফেলতে নির্দেশ দিতে পারে।

মিডিয়া নিয়ন্ত্রণের কৌশল এখন দুই স্তরে চালানো হয়: মালিকদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের মামলা দেওয়ার হুমকি এবং নির্ভীক সাংবাদিকদের শাস্তি দেওয়ার চেষ্টা।

বড় অংশের মেইনস্ট্রিম প্রিন্ট মিডিয়া এখন ব্যবসায়ী গোষ্ঠীর মালিকানাধীন। আর এই গোষ্ঠীগুলির বিরুদ্ধে আয়কর নোটিশ, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তদন্তের ভয় দেখিয়ে তাদের সহজেই চাপে ফেলা যায়।

এই ধরনের ভয়ভীতির অনেক তথ্যই সামনে আসে না, কারণ মালিকপক্ষ ‘নেগেটিভ পাবলিসিটি’ এড়াতে চায়। ফলে আমরা যে অল্প তথ্য পাই, তা মূলত বিদেশি মিডিয়া ও আন্তর্জাতিক সংস্থাগুলোর রিপোর্টের মাধ্যমেই। দুই বছর আগে, দিল্লি ও মুম্বাইয়ের বিবিসি অফিসে কেন্দ্রীয় সংস্থাগুলি আচমকা হানা দেয়। কর্মীদের কাছ থেকে ফোন, ল্যাপটপ সহ সমস্ত যোগাযোগের যন্ত্রপাতি বাজেয়াপ্ত করা হয়। ঘটনাটি ঘটে বিবিসি যখন দুই পর্বের একটি তথ্যচিত্র সম্প্রচার করে, যেখানে উঠে আসে ২০০২ সালের গুজরাট দাঙ্গা ও প্রধানমন্ত্রী মোদীর সংখ্যালঘুদের সঙ্গে সম্পর্ক সংক্রান্ত বিশ্লেষণ। প্রায় ২০ জন আধিকারিক হঠাৎ অফিসে ঢুকে চেঁচিয়ে কর্মীদের দূরে সরিয়ে দেন। পরে সরকারি সংস্থাগুলি দাবি করে, বিবিসি নাকি নিজেদের ট্যাক্স সংক্রান্ত তথ্য এবং বিদেশে অর্থপ্রেরণের বিষয়ে সরকারের জবাবদিহির অনুরোধে সাড়া দেয়নি।

এই ঘটনার আন্তর্জাতিক প্রতিক্রিয়াও কম নয়। টাইম ম্যাগাজিন লিখেছে যে, থিঙ্ক ট্যাঙ্ক, সাংবাদিক এবং সিভিল সোসাইটির সদস্যদের লক্ষ্যমাত্রা করা হচ্ছে, যা শাসক ভারতীয় জনতা পার্টির ভিন্নমত দমনের ক্রমবর্ধমান অভিযানের অংশ। প্রতিবেদনটিতে বলা হয়েছে, সমালোচকদের বিরুদ্ধে অস্বচ্ছ সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহ আইনের আওতায় অভিযোগ আনা হচ্ছে, এবং আর্থিক অনিয়ম ও অনুপযুক্ত বিদেশি অনুদানের অভিযোগ তুলে তাঁদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হচ্ছে। প্রতিবেদনটিতে অক্সফাম , মিডিয়া ফাউন্ডেশন এবং সিপিআর (সেন্টার ফর পলিসি রিসার্চ )-এর নাম উল্লেখ করা হয়েছে।

একই সময়ে, ভারতের একাধিক গণমাধ্যম সংস্থাও নানা রকম ভয়ভীতি ও চাপের শিকার হয়। দ্য কুইন্ট, দৈনিক ভাস্কর এবং ভারত সমাচার-এর দপ্তরে হানা দেয় আয়কর বিভাগ; নিউজক্লিক-এর বিরুদ্ধে পদক্ষেপ নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি); এনডিটিভি-র (আদানি অধিগ্রহণের আগে) বিরুদ্ধে তদন্ত চালায় সিবিআই; এবং গ্রেটার কাশ্মীর-এর বিরুদ্ধে ব্যবস্থা নেয় এনআইএ।নিউজক্লিক, একটি স্বাধীন সংবাদ পোর্টাল, এর বিরুদ্ধে বিদেশি অর্থ গ্রহণ ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়।

দ্বিতীয় স্তরে, যেসব সাংবাদিক সরকারকে প্রকাশ্যে সমালোচনা করতেন, তাঁদের অনেকে গ্রেপ্তার হন, এমনকি রাষ্ট্রদ্রোহের অভিযোগও আনা হয়। শশী থারুর, মোদী-ভক্ত হয়ে ওঠার আগে, নিজের অভিজ্ঞতা তুলে ধরেছিলেন, যখন তিনি ও আরও ছয়জন সাংবাদিকের বিরুদ্ধে একটি প্রতিবাদকারীর মৃত্যুর খবর ‘ভুলভাবে উপস্থাপন’ করার অভিযোগে ফৌজদারি মামলা দায়ের হয়। তিনি কারাভান মামলার উল্লেখ করে বলেন, ২০২০ সালে ভারতে ৬৭ জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয় এবং ২০০ জনের ওপর শারীরিক হামলা চালানো হয়।

কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানায়, একসঙ্গে সর্বাধিক ৭ জন সাংবাদিক জেলে ছিলেন, যাঁদের মধ্যে ছিলেন গৌতম নওলাখা, প্রবীর পুরকায়স্থ এবং আসিফ সুলতান। রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাঁদের মুক্তির দাবি জানায়। গৌতম নওলাখা এখন জামিনে মুক্ত, তবে দিল্লিতে নিজের বাড়িতে ফিরতে পারছেন না। প্রবীর পুরকায়স্থ সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সাত মাস পর মুক্তি পান। আর আসিফ সুলতান প্রায় সাড়ে পাঁচ বছর কারাবন্দি থাকার পর গত বছর জেল থেকে মুক্তি পান। (সূত্র: দ্য ওয়্যার, লিখেছেন পি. রামন। তিনি একজন প্রবীণ সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার।)

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও