​”…আদালত ব্যর্থ হলে কার কাছে যাব?” একাধিক ইস্যুতে প্রধান বিচারপতিকে চিঠি ‘ইন্ডিয়া’ জোটের

দেশের নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপি করা হচ্ছে এবং গণতন্ত্র চরম সংকটে। এই মারাত্মক অভিযোগ তুলে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তকে একটি যৌথ চিঠি পাঠাল বিরোধী শিবির ‘ইন্ডিয়া’ জোট। শুক্রবার এই চিঠির সম্পূর্ণ বয়ান জনসমক্ষে এনেছে তারা।বিরোধীদের হুঁশিয়ারি, বিচারবিভাগও যদি এই উদ্বেগের বিষয়ে সাড়া দিতে ব্যর্থ হয়, তবে তা হবে প্রজাতন্ত্রের সম্পূর্ণ ভেঙে পড়ার ইঙ্গিত।​বিরোধীদের ২৩টি দল এবং একজন নির্দল সাংসদের শীর্ষ নেতাদের স্বাক্ষরিত এই ছয় পাতার চিঠিতে স্পষ্ট বলা হয়েছে যে, সাধারণত তারা প্রধান বিচারপতিকে এভাবে চিঠি লেখেন না। চিঠিতে উল্লেখ করা হয়েছে, “আমাদের গণতন্ত্র আজ বিপন্ন, আর সেই কারণেই আমরা এই ব্যতিক্রমী পথ বেছে নিতে বাধ্য হয়েছি।”
​
​বিচারবিভাগকে এই বিষয়গুলি নিয়ে গভীরভাবে ভাবার অনুরোধ জানিয়ে বিরোধীরা লিখেছে, ​”যখন সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখনও মানুষ বিচারব্যবস্থার ওপর আস্থা রাখে। তাই বিচারব্যবস্থাও যদি সাড়া না দেয়, তবে বুঝতে হবে প্রজাতন্ত্রের সম্পূর্ণ পতন ঘটেছে। প্রাতিষ্ঠানিক পরিকাঠামো যখন পুরোপুরি ব্যর্থ হয়, তখন গণতন্ত্র নৈরাজ্যে পরিণত হয়।” ​চিঠিতে আরও বলা হয়েছে, “প্রতিষ্ঠানের ওপর মানুষের বিশ্বাস যেন বজায় থাকে, তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের সবার। আর তার জন্য প্রতিষ্ঠানগুলিকে তাদের নিজেদের ভূমিকা পালন করতে হবে। আমরা বিচারব্যবস্থাকে নিয়ে প্রশ্ন তুলছি না। বরং, সব রাস্তা বন্ধ হয়ে গেলে আমরা আদালতের দরজার কড়া নাড়ি। কিন্তু এই আশাটুকুও যদি ব্যর্থ হয়, তবে প্রশ্ন থেকে যায়- আমরা এবার কার কাছে যাব?”

​মুক্ত ও অবাধ নির্বাচনকে একটি সাংবিধানিক বাধ্যবাধকতা হিসেবে উল্লেখ করে বিরোধীদের বক্তব্য, “যখন সেই নির্বাচনী প্রক্রিয়া কোনও না কোনওভাবে কলুষিত হয়, তখন তার ফলাফল নিয়েও সন্দেহ তৈরি হয়। এই বিশ্বাসঘাতকতার শিকার হয় সাধারণ মানুষের জনমত।” ​বিজেপি-বিরোধী সমমনোভাবাপন্ন দলগুলির প্রতিনিধিদের দাবি, নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপি করা হচ্ছে এবং বহু ক্ষেত্রে নির্বাচনের ফলাফল জনগণের প্রকৃত ম্যান্ডেট বা ইচ্ছার প্রতিফলন ঘটাচ্ছে না। এর পেছনে একাধিক কারণ রয়েছে বলে চিঠিতে দাবি করা হয়েছে।
​
​সম্প্রতি ‘ইন্ডিয়া’ জোটের কর্মসূচি থেকে কিছুটা দূরত্ব বজায় রাখা আম আদমি পার্টি (আপ) এবং ডিএমকেও এই চিঠিতে স্বাক্ষর করেছে। চিঠিতে ভারতের নির্বাচন কমিশন এবং বিশেষ করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পক্ষপাতদুষ্ট আচরণের তীব্র সমালোচনা করা হয়েছে। ​বিরোধীদের অভিযোগ, “নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন এবং ফলাফলের ক্ষেত্রে বিজেপির প্রতি খোলাখুলি ও নির্লজ্জ সমর্থন দেখা গেছে। ক্ষমতাসীন দল আদর্শ আচরণবিধি লঙ্ঘন করলে কমিশন কোনও ব্যবস্থা নেয় না, অথচ একই অপরাধে বিরোধীদের নিশানা করা হয়।”

​চিঠিতে সবচেয়ে বড় আঘাত হিসেবে উল্লেখ করা হয়েছে নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে। সংবিধান এবং ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ধারা মেনে যোগ্য ভোটারদের তালিকা তৈরি করার নামে কমিশন যে পদক্ষেপ নিয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। ​চিঠিতে বলা হয়েছে, “মুখ্য নির্বাচন কমিশনারের মতে, ভোটার তালিকার শুদ্ধতা বজায় রাখতে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার (এসআইআর) প্রয়োজন ছিল। কিন্তু এর ফল হয়েছে সম্পূর্ণ উল্টো।” ​এই বিশেষ সংশোধন প্রক্রিয়াকে ভুল সময়ে নেওয়া পদক্ষেপ এবং একটি বিরাট বিপর্যয় বলে আখ্যা দিয়ে বিরোধী জোট জানিয়েছে, “প্রথমবারের মতো যে নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়া নেওয়া হলো, তা স্বভাবগতভাবেই বর্জনমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ফর্ম পূরণ এবং নথিপত্র পেশের মাধ্যমে ভোটারদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে বহু মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।”
​
​সামনে বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে জোট জানিয়েছে, ইলেকট্রনিক ভোটিং এবং বিশেষ করে ইভিএমের ভূমিকা নিয়ে আবারও গুরুতর প্রশ্ন উঠছে। ​এই চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সংসদের উভয় কক্ষের বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, ডিএমকে-র তিরুচি শিবা, আরজেডি-র তেজস্বী যাদব, আপ-এর সঞ্জয় সিং সহ জোটের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও