কাতারের দোহায় ইসরায়েলি বিমান হামলা, এখন পর্যন্ত যা জানা গেছে

কাতারের রাজধানী দোহায় প্রথমবারের মতো সরাসরি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। টার্গেট ছিল হামাসের জ্যেষ্ঠ নেতারা। এ হামলায় শহরের বিভিন্ন আবাসিক এলাকা কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে, আকাশে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া। ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে, দোহায় চালানো হামলায় ইসরায়েল এককভাবেই পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ের এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বলা হয়েছে, “হামাসের শীর্ষ সন্ত্রাসী নেতাদের বিরুদ্ধে আজকের অভিযান সম্পূর্ণভাবে ইসরায়েলের নিজস্ব উদ্যোগ। এটি ইসরায়েল শুরু করেছে, ইসরায়েলই পরিচালনা করেছে, আর এর পূর্ণ দায়ভারও ইসরায়েলই নিচ্ছে।” তবে ইসরায়েলি সেনাবাহিনী কিংবা নেতানিয়াহু—কেউই তাদের বিবৃতিতে কাতারের রাজধানী দোহায় হামলার স্থানটি সরাসরি উল্লেখ করেননি।

দোহায় হামাসের রাজনৈতিক ব্যুরোর একাধিক সদস্যের আবাসস্থল লক্ষ্য করে ইসরায়েলের কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে। কাতারের রাজধানীতে আবাসিক ভবন লক্ষ্য করে চালানো এ অপরাধমূলক হামলা আন্তর্জাতিক আইন ও সকল প্রচলিত বিধি-নিষেধের প্রকাশ্য লঙ্ঘন একইসঙ্গে এটি কাতারের নাগরিক ও বসবাসরত মানুষের নিরাপত্তার ওপর গুরুতর হুমকি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পরপরই নিরাপত্তা বাহিনী, সিভিল ডিফেন্স ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে কাজ শুরু করেছে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আশপাশের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

কাতার রাষ্ট্র স্পষ্টভাবে জানায়, এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানালেও ইসরায়েলের বেপরোয়া আচরণ, আঞ্চলিক নিরাপত্তা বিনষ্টের অপচেষ্টা কিংবা কাতারের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে লক্ষ্য করে চালানো কোনো পদক্ষেপ কখনোই সহ্য করা হবে না। ইতিমধ্যেই সর্বোচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে এবং বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

দীর্ঘদিন ধরে গাজা ইস্যুতে মধ্যস্থতার ভূমিকা পালন করে আসছে কাতার। তাই দোহায় এ হামলাকে আন্তর্জাতিক মহলে এক নতুন মোড়বদলের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, হামাস নেতাদের সরাসরি টার্গেট করে কাতারের ভেতরে এমন পদক্ষেপ আঞ্চলিক কূটনীতিকে আরও জটিল করে তুলতে পারে।

কাতারে ইসরায়েলি হামলা নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে

ইসরায়েল কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালিয়েছে। তাদের দাবি, এ হামলার লক্ষ্য ছিল হামাসের নেতৃত্ব।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলাটিকে “অপরাধমূলক আক্রমণ” হিসেবে অভিহিত করে বলেছে, এটি “আন্তর্জাতিক আইন ও সব ধরনের বিধি-নিষেধের প্রকাশ্য লঙ্ঘন।”

প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা করেছেন, এ হামলার “পূর্ণ দায়ভার” ইসরায়েল নিচ্ছে। তাঁর এ বক্তব্য ইঙ্গিত দেয়, যুক্তরাষ্ট্রের কোনো সহযোগিতা ছাড়াই এককভাবে এ পদক্ষেপ নিয়েছে ইসরায়েল।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, হামলার লক্ষ্য ছিল “হামাসের আবাসিক সদর দপ্তর।” তবে তারা বলেছে, বর্তমানে পরিস্থিতি “নিয়ন্ত্রণে ও নিরাপদ।”

আল জাজিরাকে এক হামাস সূত্র জানিয়েছে, হামলার সময় যে প্রতিনিধিদলকে লক্ষ্য করা হয়েছিল, তারা ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছিল।

জাতিসংঘসহ আঞ্চলিক বিভিন্ন দেশ—ইরাক, জর্ডান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে।

হতাহতের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করা হয়নি।

হামাসের ঐ প্রতিনিধিদলের পরিণতি এখনও অনিশ্চিত। দলটির পক্ষ থেকেও নেতাদের নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও