ইসরাইলের নতুন মোসাদ প্রধান, গোয়েন্দা অভিজ্ঞতা নেই যে জেনারেলের

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশের বিদেশি গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন প্রধান হিসেবে বেছে নিলেন মেজর জেনারেল রোমান গফমানকে৷ তাঁর গোয়েন্দা অভিজ্ঞতা নেই বললেই চলে। নেতানিয়াহুর দফতর এক বিবৃতিতে জানায়, মেজর জেনারেল রোমান গফমানকে মোসাদের পরবর্তী প্রধান হিসেবে নির্বাচন করা হয়েছে। তিনি বর্তমান মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার স্থলাভিষিক্ত হবেন। বার্নিয়ার পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে ২০২৬ সালের জুনে।

১৯৭৬ সালে বেলারুশে জন্ম নেওয়া গফমান ১৪ বছর বয়সে ইসরাইলে আসেন। ১৯৯৫ সালে তিনি সামরিক বাহিনীর সাঁজোয়া বিভাগে যোগ দেন এবং দীর্ঘ সেনা জীবনে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় গাজা যুদ্ধ শুরু হলে গফমান ছিলেন জাতীয় পদাতিক প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডার। ওই দিন দক্ষিণ ইসরাইলের স্দেরোত শহরে হামাস জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে তিনি ২০২৪ সালের এপ্রিল মাসে নেতানিয়াহুর কার্যালয়ের মন্ত্রিসভায় যুক্ত হন।

ইসরাইলের ধর্মীয় জায়নিস্ট আন্দোলনঘেঁষা সেনা কর্মকর্তা ডেভিড জিনিকে শিন বেট-এর (দেশীয় নিরাপত্তা সংস্থা) প্রধান করার পর, এবারও নিজের জাতীয়তাবাদী আদর্শের ঘনিষ্ঠ এক ব্যক্তিকেই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থার নেতৃত্বে বসালেন নেতানিয়াহু। যদিও গফমান ধর্মীয় ইহুদিদের মতো ‘ইয়ারমুলকা’ পরেন না, তিনি পড়াশোনা করেছেন এলি ইয়েশিভায়। এটি অধিকৃত পশ্চিম তীরের একটি ইহুদি বসতিতে অবস্থিত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, যা ডানপন্থী ধর্মীয় জায়নিস্ট অবস্থানের জন্য পরিচিত। জিনির মতোই গফমানও সেই সংস্থা থেকেই উঠে আসেননি, যার প্রধান হতে যাচ্ছেন তিনি। তবে তাঁর নিয়োগ শিন বেট প্রধানের নিয়োগের মতো তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি করেনি।

ইসরাইলের প্রভাবশালী বামপন্থী সংবাদপত্র হা’আরেত্‌জ–এর কলামনিস্ট উরি মিসগাভ এই নিয়োগের বিরল সমালোচকদের একজন। তাঁর মতে, গোয়েন্দা অভিজ্ঞতার অভাবের কারণে গফমান মোসাদের প্রধান হওয়ার অযোগ্য। মিসগাভ আরও বলেন, ডেভিড জিনির মতোই গফমানকে বেছে নেওয়ার প্রধান কারণ নেতানিয়াহুর প্রতি তাঁর আনুগত্য। অন্যদিকে নেতানিয়াহুর দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “গফমান অত্যন্ত কৃতিত্বপূর্ণ সেনা কর্মকর্তা।” বিবৃতিতে আরও যোগ করা হয়, যুদ্ধাবস্থায় প্রধানমন্ত্রী-সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন তাঁর অসাধারণ পেশাদারিত্বের প্রমাণ। সূত্র: এনডিটিভি

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও