“গুলি চালান, কিন্তু সামনে থেকে”,দুর্গাপুরে বিজেপির সভায় হুঙ্কার মহাগুরুর

দুর্গাপুরের নেহরু স্টেডিয়াম ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির রাজনৈতিক রণকৌশলের এক আগমনী বার্তা হয়ে উঠল। রবিবার বিকেলে জনসমাগমে পরিপূর্ণ স্টেডিয়ামে বিজেপি-র মঞ্চ থেকে প্রবল হুঁশিয়ারি দিলেম অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। স্টেডিয়ামে দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তী বলেন, “এবারের লড়াই শেষ লড়াই ভেবে মাঠে নামতে হবে। শেষ লড়াই, জীবন-প্রাণ দিয়ে লড়তে হবে।” তাঁর কণ্ঠে ঝরে পড়ে আত্মবিশ্বাস, আমাদের সঙ্গে মোদিজির আশীর্বাদ রয়েছে। আমি থাকব, আপনারা থাকবেন, সকলে একসঙ্গে থাকব। এরপর দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে তিনি বলেন, দুর্নীতির একটা ফাঁকও নেই। মা-বোনেদের ইজ্জত নিয়ে কথা বলার উপায় নেই। বাংলার মাটির ছেলে হিসেবেই মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন মিঠুন, রাজনীতি করি না, মানুষনীতি করি। এবারে মাঠে নামছি তৈরি হয়ে।

সভা থেকে তিনি ঘোষণা করেন, তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তে সক্রিয়ভাবে মানুষের সঙ্গে দেখা করবেন, কথা বলবেন এবং ‘মাঠে থেকে লড়াই’ করবেন। তাঁর দাবি, এই লড়াই এমন এক অধ্যায় হবে যা রাজ্যবাসী ‘মনে রাখবে’। মিঠুনের স্পষ্ট বার্তা, বিজেপি হেরে যাওয়ার দল নয়। রাজ্য পুলিশের উদ্দেশে সরাসরি বার্তা দিয়ে মিঠুন বলেন, “পুলিশকে বলুন নিরপেক্ষ হয়ে যান। তারপরে দেখুন বিজেপি কী করতে পারে।” তিনি সতর্ক করেন, “ক্ষমতা আমাদেরও আছে। কিন্তু আমরা জোর করি না। কাউকে মারধরের কথা বলি না। কিন্তু ভাববেন না আমরা ভীতু।” তিনি বলেন, “ছাতি ফুলিয়ে বেরব। গুলি চালানোর? চালান। কিন্তু পিছন থেকে নয়, হিম্মত থাকলে সামনে থেকে।”এই সভামঞ্চে মিঠুন চক্রবর্তীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও