ছোটদের আধার বায়োমেট্রিক আপডেটের নতুন নিয়ম, স্কুলেই হবে ক্যাম্প

৫ থেকে ১৫ বছর বয়সি শিশুদের আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য আপডেটের জন্য নতুন গাইডলাইন জারি করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছেন সংস্থার প্রধান ভুবনেশ কুমার। নতুন নিয়ম অনুযায়ী, দেশের স্কুলগুলোতেই বিশেষ ক্যাম্প বসিয়ে বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট (Mandatory Biometric Update বা MBU) করাতে হবে। এজন্য UIDAI সরাসরি স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে সমন্বয়ে কাজ করবে।

UIDAI স্পষ্ট করেছে, ৫ বছর বয়সে এবং ১৫ বছর বয়সে শিশুদের বায়োমেট্রিক আপডেট করানো বাধ্যতামূলক। কারণ, এই বয়সসীমায় শারীরিক বৃদ্ধির কারণে শিশুদের বায়োমেট্রিক তথ্যের মধ্যে স্বাভাবিক পরিবর্তন ঘটে। সঠিক তথ্য সংরক্ষণ ও ভবিষ্যতে নির্বিঘ্ন পরিষেবা দেওয়ার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
পরিসংখ্যান বলছে, বর্তমানে দেশে প্রায় ১৭ কোটি বায়োমেট্রিক আপডেট এখনো বাকি রয়েছে। UIDAI জানিয়েছে, দ্রুত এই কাজ শেষ করাই এখন প্রধান লক্ষ্য।

সংস্থা আরও সতর্ক করে বলছে, নির্দিষ্ট সময়ে বায়োমেট্রিক আপডেট না হলে নানা সমস্যায় পড়তে হতে পারে কিশোর-কিশোরীদের। আধার অথেনটিকেশন এখন সরকারি প্রকল্প থেকে শুরু করে জাতীয় স্তরের একাধিক প্রতিযোগিতামূলক NEET, JEE, CUET-এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় নাম নথিভুক্তির ক্ষেত্রেও বাধ্যতামূলক। বায়োমেট্রিক তথ্য হালনাগাদ না থাকলে পরীক্ষায় আবেদন থেকে শুরু করে সরকারি পরিষেবা—সবেতেই জটিলতা দেখা দিতে পারে।

UIDAI তাই অভিভাবকদের পরামর্শ দিয়েছে, সময়মতো সন্তানদের আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট করিয়ে নিতে। না হলে আধার-নির্ভর পরিষেবা ও ভবিষ্যতের সুযোগ-সুবিধা দু’টোই অনিশ্চিত হয়ে উঠতে পারে।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও