মানহানি মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি

২০১৮ সালে দায়ের হওয়া একটি মানহানির মামলায় সোমবার ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লির একটি আদালত। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছিল বলে জানিয়েছে ‘বার অ্যান্ড বেঞ্চ’। ​২০১৮ সালের মে মাসে ধ্রুব রাঠি একটি ভিডিও পোস্ট করে অভিযোগ করেছিলেন যে, তাঁকে মানহানি করার জন্য বিজেপি প্রচার শাখা অভিযোগকারীকে ঘুষ দিয়েছে। এর পরই বিকাশ সঙ্কৃতায়ন ওরফে বিকাশ পাণ্ডে ওই মামলা দায়ের করেছিলেন। সেই সময় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। ​বার অ্যান্ড বেঞ্চ-এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার সাকেত আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনম রাইস খান এই মামলায় প্রথম জামিন অযোগ্য পরোয়ানা জারির নির্দেশ দেন।

​এর আগে গত ১২ অক্টোবর বিকাশ পাণ্ডের আবেদনের ভিত্তিতে ধ্রুব রাঠিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন পাঠানো হয়েছিল। মামলাকারীর দাবি ছিল, ধ্রুব রাঠি সাধারণত বিদেশে থাকেন। তবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর প্রতিবাদে তিনি ভারতে এসেছেন। তাই দ্রুত মামলাটির শুনানি হওয়া প্রয়োজন। এর প্রেক্ষিতে গত ১২ অক্টোবর আদালত রাঠির বিরুদ্ধে সমন জারি করেছিল। ​মামলাটির পরবর্তী শুনানি আগামী ৩ ডিসেম্বর ধার্য করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও