ফের কোচবিহারে এনআরসি-র ছায়া!ডিমওয়ালার দরজায় ‘বিদেশি’ তকমার নোটিশ

মাথায় ঝুড়ি, কাঁধে দায়িত্ব। তবু ফের মাথার উপর ভর করল প্রশ্নচিহ্ন, আপনি কি ভারতীয়? কোচবিহারের মাথাভাঙ্গা ২ ব্লকের লতাপাতা এলাকায় ফের দেখা গেল এনআরসি-র ছায়া। আর তাতেই যেন তীব্র উদ্বেগে কেঁপে উঠল দিন আনা-দিন খাওয়া এক সাধারণ মানুষের জীবন। নাম তাঁর নিশিকান্ত দাস। পেশায় ডিম ফেরিওয়ালা। ৭৫ বছর বয়সী ওই বৃদ্ধ কোচবিহারের আনাচে-কানাচে ঘুরে ডিম বিক্রি করেই সংসার চালান। বয়সের ভারে ন্যুব্জ শরীর আজ আর আগের মতো ছুটতে পারে না। তার মাঝেই এসে হাজির ‘ফরেনার্স ট্রাইব্যুনাল’-এর এক নোটিশ। এই প্রথম নয়, এর আগেও কোচবিহারের উত্তম কুমার ব্রজবাসীর কাছেও এমন নোটিশ এসেছিল। তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদও জানিয়েছেন।

বয়সের খাতায় ছাপ পড়লেও স্মৃতির পাতা আজও স্পষ্ট। প্রায় ২৮ বছর আগে, কাজের খোঁজে অসমে গিয়েছিলেন নিশিকান্ত। তখনও একবার ‘বাংলাদেশি’ সন্দেহে তাঁকে আটক করেছিল অসম পুলিশ। যাঁর বাড়িতে কাজ করতেন, তিনিই তখন থানায় গিয়ে জানান, নিশিকান্ত বাংলাদেশি নন। বাড়ি থেকে নিয়ে গিয়েছিলেন জমির দলিল, ভোটার কার্ড, পরিচয়পত্রের মতো প্রমাণপত্র। শেষে তাঁকে ছেড়ে দেয় পুলিশ। ছ’মাস কাজ করার পর ফিরে আসেন কোচবিহারে। কিন্তু এত বছর পর কেন আবার সেই পুরনো ভূতের ছায়া? কেন আবার সন্দেহের চোখ? কেনই বা ফের প্রমাণ দিতে হবে নিজের পরিচয়? প্রশ্ন করছেন নিশিকান্ত নিজেই।

দুই মাস আগে ফের একবার ফরেনার্স ট্রাইব্যুনালের নোটিশ আসে। চিঠি এসেছে অসম থেকে। সেখানে হাজিরা দিতে গিয়ে সঙ্গে নিয়ে গিয়েছিলেন ১৯৬০ সালের জমির দলিল, আধার কার্ড, ভোটার আইডি। কিন্তু তাতেও অসন্তুষ্ট কর্তৃপক্ষ। দাবি করা হয়, চাই তাঁর বাবার পরিচয়পত্র, সে সময়ের ভোটার তালিকা। অথচ বাবার প্রয়াণ আজ থেকে ৪৫ বছর আগের ঘটনা। ফরেনার ট্রাইব্যুনালের সেই নোটিশের পর থেকে আতঙ্কে দিন কাটছে নিশিকান্তবাবুর।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও