যুদ্ধের পঞ্চম সপ্তাহে এসে কি এবার সরাসরি ইরানে সেনা নামাতে চলেছে আমেরিকা? ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর এক বিস্ফোরক রিপোর্টে অন্তত তেমনই জল্পনা উসকে উঠেছে। ওই মার্কিন সংবাদমাধ্যমের দাবি, ইরানে কয়েক সপ্তাহের জন্য সীমিত পরিসরে স্থল অভিযানের ঘুঁটি সাজাচ্ছে পেন্টাগন। যার মূল নিশানায় থাকতে পারে উপসাগরীয় অঞ্চলের অন্যতম প্রধান তেল রফতানি হাব খার্গ দ্বীপ এবং হরমুজ প্রণালীর উপকূলবর্তী একাধিক এলাকা। শনিবার পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে, এই পরিকল্পনাগুলি পূর্ণাঙ্গ আগ্রাসনের পর্যায়ে না পড়লেও, স্পেশাল অপারেশন এবং সাধারণ পদাতিক বাহিনীর ঝটিকা অভিযান এর অন্তর্ভুক্ত হতে পারে। এর ফলে মার্কিন সেনারা ইরানের ড্রোন, মিসাইল, স্থলপথে হামলা এবং আইইডি বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভের মুখে পড়তে পারেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনাগুলির কোনওটিতে অনুমোদন দেবেন কি না, তা এখনও অনিশ্চিত।
পোস্টের প্রতিবেদন নিয়ে ওঠা প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, “কমান্ডার-ইন-চিফকে সর্বোচ্চ বিকল্প দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়াটা পেন্টাগনের কাজ। তার মানে এই নয় যে প্রেসিডেন্ট কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।” ইরানে যুদ্ধ পঞ্চম সপ্তাহে পদার্পণ করায় ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে ইউএস মেরিন বাহিনী মোতায়েন করেছে এবং সেনাবাহিনীর ৮২তম এয়ারবোর্ন থেকে হাজার হাজার সেনাকে ওই অঞ্চলে পাঠানোর পরিকল্পনাও করছে। শনিবার, ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইউএসএস ত্রিপোলি যুদ্ধজাহাজে চেপে প্রায় ৩,৫০০ অতিরিক্ত সেনা মধ্যপ্রাচ্যে এসে পৌঁছেছে। সেন্টকমের মতে, ৩১তম মেরিন এক্সপিডিশনারি ইউনিটের এই নৌসেনা ও মেরিনরা গত ২৭ মার্চ ওই অঞ্চলে পৌঁছেছেন। তাঁদের সঙ্গে রয়েছে “পরিবহন ও ফাইটার এয়ারক্রাফট, সেইসঙ্গে উভচর হামলা এবং কৌশলগত সরঞ্জাম।”
ওয়াশিংটন পোস্টের সঙ্গে কথা বলার সময় আধিকারিকরা জানিয়েছেন, গত এক মাস ধরে প্রশাসনের অন্দরে আলোচনায় উপসাগরীয় অঞ্চলে ইরানের অন্যতম প্রধান তেল রফতানি হাব খার্গ দ্বীপ দখলের সম্ভাবনার কথা উঠেছে। পাশাপাশি বাণিজ্যিক ও সামরিক জাহাজে হামলা চালাতে সক্ষম, এমন অস্ত্রশস্ত্র খুঁজে বের করে তা ধ্বংস করার জন্য হরমুজ প্রণালীর কাছাকাছি অন্যান্য উপকূলীয় এলাকায় অভিযানের বিষয়েও আলোচনা হয়েছে। প্রতিবেদন অনুসারে, এক আধিকারিক জানিয়েছেন, এই লক্ষ্যগুলি পূরণ করতে সম্ভবত কয়েক মাস নয়, বরং কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। অন্যদিকে আরেকজন এই সম্ভাব্য সময়সীমা দু-এক মাস বলে উল্লেখ করেছেন। শনিবার পোস্টের তরফে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও পেন্টাগন কোনও সাড়া দেয়নি। ইরানও এখনও পর্যন্ত এই প্রতিবেদন নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।
এমন এক সময়ে এই প্রতিবেদনটি সামনে এল, যখন ইরানের সঙ্গে ৯০০ কিলোমিটার (৫৫৯ মাইল) দীর্ঘ সীমানা ভাগ করে নেওয়া পাকিস্তান ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতা করছে। এই লক্ষ্যেই রবিবার থেকে সৌদি আরব, তুরস্ক ও মিশরের বিদেশমন্ত্রীদের নিয়ে দু’দিনের আলোচনার আয়োজন করেছে ইসলামাবাদ।
ইরানের হুমকি
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ রবিবার বলেছেন, “শত্রুরা প্রকাশ্যে আলোচনা ও সংলাপের বার্তা দেয় আর গোপনে স্থলপথে হামলার ছক কষে।” গালিবফকে উদ্ধৃত করে তাসনিম সংবাদসংস্থা জানিয়েছে, “তারা জানে না যে আমাদের যোদ্ধারা মাটিতে মার্কিন সেনাদের আগমনের অপেক্ষায় রয়েছে, যাতে তাদের আগুনে পুড়িয়ে দেওয়া যায় এবং তাদের আঞ্চলিক মিত্রদের চিরতরে শাস্তি দেওয়া যায়। আমাদের গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। আমাদের মিসাইল প্রস্তুত রাখা আছে।” তিনি বলেন, “আমাদের সংকল্প ও বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। আমরা শত্রুর দুর্বলতা সম্পর্কে অবগত এবং আমরা স্পষ্টতই শত্রুবাহিনীর মধ্যে ভয় ও আতঙ্কের প্রভাব দেখতে পাচ্ছি।” গালিবফ ওয়াশিংটন পোস্টের ওই রিপোর্টের জবাবে এই কথাগুলো বলেছেন কি না, তা স্পষ্ট নয়। বুধবার গালিবফ সতর্ক করে জানিয়েছিলেন, গোয়েন্দা রিপোর্টে ইঙ্গিত মিলেছে, ইরানের শত্রুরা এই অঞ্চলের একটি নাম না-জানা দেশের সাহায্যে ইরানের একটি দ্বীপ দখলের পরিকল্পনা করছে। তিনি বলেন, এমন কোনো চেষ্টা করা হলে ওই অভিযানে সহায়তাকারী আঞ্চলিক দেশটির (যার নাম তিনি উল্লেখ করেননি) গুরুত্বপূর্ণ পরিকাঠামোগুলিতে সুনির্দিষ্ট হামলা চালানো হবে।
এদিকে, ইরানের নৌবাহিনীর প্রধান শাহরাম ইরানি রবিবার বলেছেন যে, ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী (এয়ারক্রাফট ক্যারিয়ার) যদি তাদের আওতার মধ্যে আসে, তবে সেটিকে নিশানা করা হবে। গত ৪ মার্চ আমেরিকার হামলায় ডুবে যাওয়া ইরানি ফ্রিগেটের কথা উল্লেখ করে রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানিকে উদ্ধৃত করে বলা হয়, “ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ফায়ারিং রেঞ্জের (আক্রমণের আওতায়) মধ্যে আসামাত্রই আমরা বিভিন্ন ধরনের সাগর থেকে সাগরে নিক্ষেপযোগ্য মিসাইল ছুড়ে ‘দেনা’ যুদ্ধজাহাজের শহিদদের রক্তের বদলা নেব।”
বুধবার তাসনিম একটি নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক সূত্রকে উদ্ধৃত করে বলেছে, “ইরানের কোনো দ্বীপ বা আমাদের ভূখণ্ডের অন্য কোথাও সামরিক পদক্ষেপ নেওয়া হলে ইরান লোহিত সাগরের প্রবেশমুখে একটি নতুন ফ্রন্ট (রণাঙ্গন) খুলতে পারে।” ওই সূত্র তাসনিমকে জানিয়েছে যে, ইরান ইয়েমেন এবং জিবুতির মধ্যে অবস্থিত বাব আল-মানদেব প্রণালীতে একটি বিশ্বাসযোগ্য হুমকি তৈরি করতে পারে। তাসনিম পরে একটি ওয়াকিবহাল সূত্র-এর বরাত দিয়ে দাবি করেছে যে, ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা শত্রুকে আরও শাস্তি দিতে বাব আল-মানদেব প্রণালী নিয়ন্ত্রণের প্রয়োজন হলে সেখানে নিজেদের ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে। সূত্র: আল জাজিরা




