লাইনচ্যুত রাজধানী এক্সপ্রেস, সংঘর্ষে ৮টি হাতির মৃত্যু

শনিবার ভোররাতে রেললাইনেই মর্মান্তিক পরিণতি। আসামের হোজাইয়ে সাইরাং-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল অন্তত আটটি হাতির। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে একটি শাবককে। দুর্ঘটনায় ইঞ্জিনসহ ট্রেনের পাঁচটি কোচ লাইনচ্যুত হয়ে পড়ে। তবে যাত্রীদের মধ্যে কেউ হতাহত হননি বলে রেল ও প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে। বন দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, সংঘর্ষে আটটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যু হয় এবং আহত অবস্থায় একটি শাবককে উদ্ধার করা সম্ভব হয়েছে। পিটিআই সূত্রে জানা গেছে, নিউ দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসটি রাত প্রায় ২টা ১৭ মিনিট নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে। এই ট্রেনটি মিজোরামের সাইরাং (আইজলের কাছে) থেকে দিল্লির আনন্দ বিহার টার্মিনাল পর্যন্ত চলাচল করে। দুর্ঘটনাস্থলটি গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে অবস্থিত। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রেলওয়ের দুর্ঘটনা মোকাবিলা বাহিনী ও উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও পুনরুদ্ধার কাজ শুরু করেন।

সূত্রের দাবি, লাইনচ্যুতি এবং রেললাইনে হাতির দেহাংশ ছড়িয়ে পড়ার কারণে আপার আসাম ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন অংশে ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কোচের যাত্রীদের সাময়িকভাবে ট্রেনের অন্যান্য কোচে থাকা ফাঁকা বার্থে স্থানান্তরিত করা হয়েছে। ট্রেনটি গুয়াহাটিতে পৌঁছনোর পর অতিরিক্ত কোচ সংযুক্ত করে সকল যাত্রীকে নিয়ে পুনরায় যাত্রা শুরু করবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, দুর্ঘটনাস্থলটি সরকারিভাবে ঘোষিত কোনও হাতির করিডর নয়। লোকো পাইলট ট্র্যাকের উপর হাতির পাল দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে জরুরি ব্রেক কষেন। কিন্তু তাতেও হাতিরা ট্রেনের দিকে ধেয়ে আসে এবং সংঘর্ষের ফলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রসঙ্গত, গত মাসেও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে ট্রেনের ধাক্কায় একটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যু হয়। ৩০ নভেম্বর ঘটে যাওয়া ওই ঘটনায় ঘটনাস্থলেই হাতিটির মৃত্যু হয় এবং তার পাশে একটি আহত শাবককে পড়ে থাকতে দেখা যায়।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও