‘আর কোনও পথ খোলা নেই’! বাংলার এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নজিরবিহীন পদক্ষেপ

ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে চলা কাদা ছোড়াছুড়ি এবং আস্থার অভাব মেটাতে এবার নজিরবিহীন পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শীর্ষ আদালত সাফ জানিয়ে দিল, পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া আধিকারিকদের নিয়ে যখন টানাপোড়েন চলছে, তখন অসঙ্গতিপূর্ণ তালিকার অধীনে থাকা দাবিগুলো নিষ্পত্তি বা পুনর্বিবেচনায় সহায়তার জন্য বিচারবিভাগীয় আধিকারিক নিয়োগ করতে হবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে এই মর্মে বিচারবিভাগীয় আধিকারিক নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ভোটার তালিকা পরিশুদ্ধকরণ নিয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে দোষারোপের রাজনীতি চলছে বলে শীর্ষ আদালত মন্তব্য করেছে।

প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ এদিন অত্যন্ত বিরক্তি প্রকাশ করে বলেন, “অভিযোগ এবং পাল্টা অভিযোগের একটি দুর্ভাগ্যজনক চিত্র সামনে আসছে, যা দুটি সাংবিধানিক সংস্থা অর্থাৎ রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে আস্থার অভাবকে প্রকট করে তুলছে। বর্তমানে এই প্রক্রিয়াটি সেইসব ব্যক্তিদের দাবি ও আপত্তির স্তরে আটকে আছে, যাদের নাম অসঙ্গতিপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।” আদালত স্পষ্ট জানায়, অস্বাভাবিক পরিস্থিতির মোকাবিলা করতে তাঁরা এই নির্দেশ দিতে বাধ্য হচ্ছেন।

সুপ্রিম কোর্ট হাইকোর্টকে নির্দেশ দিয়েছে, এসআইআর কাজের জন্য জেলা জজ পদমর্যাদার কর্মরত এমনকি প্রাক্তন বিচারবিভাগীয় আধিকারিকদের দায়িত্ব দিতে। তাঁরাই প্রতিটি জেলায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার বিষয়টি নিরপেক্ষভাবে খতিয়ে দেখবেন।বিচারবিভাগীয় আধিকারিকদের নিয়োগের পরিকল্পনা চূড়ান্ত করতে রাজ্য নির্বাচন কমিশনার, মুখ্য সচিব, পুলিশ প্রধান এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের আগামীকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

আদালত আরও জানায়, “এসডিও ও এসডিএমের দায়িত্ব পালনের জন্য ‘গ্রুপ এ’ আধিকারিক দেওয়ার বাধ্যবাধকতা রাজ্যের রয়েছে। ইআরও ও এএইআরও-র দায়িত্ব পালনের জন্য রাজ্য সরকার যে আধিকারিকদের দিয়েছে, তাঁদের পদমর্যাদা নিয়ে পক্ষগুলির মধ্যে মতভেদ রয়েছে। বর্তমানে নির্বাচন কমিশনের কাজে রাজ্যের তরফে নিযুক্ত আধিকারিকদের প্রকৃত মর্যাদা ও অবস্থান নির্ধারণ করা এই আদালতের পক্ষে প্রায় অসম্ভব।” ​শীর্ষ আদালত আরও উল্লেখ করে, “কাগজপত্রের সত্যতা যাচাই এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত বা বাদ দেওয়ার ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে আমাদের কাছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানানো ছাড়া আর কোনো উপায় নেই যাতে তিনি জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার কিছু কর্মরত ও প্রাক্তন বিচারবিভাগীয় আধিকারিকদের এই কাজে নিযুক্ত করেন। তারা প্রতিটি জেলায় অসঙ্গতিপূর্ণ তালিকার অধীনে থাকা দাবিগুলো নিষ্পত্তি বা পুনর্বিবেচনায় সহায়তা করবেন।”

বিচারপতি কান্ত অত্যন্ত কড়া ভাষায় বলেন, “এমন একটি পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেখানে বিচারবিভাগীয় আধিকারিকদের হস্তক্ষেপ করতে হচ্ছে। আমরা রাজ্যের কাছ থেকে সহযোগিতার প্রত্যাশা করেছিলাম। রাজ্যের পক্ষ থেকে যোগাযোগের স্তর কি এই? ৯ ফেব্রুয়ারির নির্দেশের উত্তর আপনারা ১৭ ফেব্রুয়ারিতে দিয়েছেন। আপনারা বলছেন রাজ্য সরকার কর্মকর্তাদের পরীক্ষা করছে। পরীক্ষা করছে মানে কী? আপনাদের লেখা উচিত ছিল যে ৮,৫০০ কর্মকর্তা পাঠানো হয়েছে। আমরা কোনো মাইক্রো-অবজারভার নই। এই চিত্র দেখে আমরা হতাশ। আমরা ভেবেছিলাম রাজ্য সহযোগিতা করবে। আমরা ব্যক্তিগত কোনো ব্যাখ্যা শুনতে চাই না।”

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও