চলমান সামরিক সংঘাতের মধ্যে তেহরানের কয়েক বিলিয়ন ডলারের সম্পদ ফ্রিজ বা বাজেয়াপ্ত করার কথা ভাবছে সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর একটি প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। এই পদক্ষেপ কার্যকর হলে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে চলমান সামরিক সংঘাতের আবহে বিদেশের বাজারে মুদ্রা বিনিময় ও বিশ্ববাণিজ্যের ক্ষেত্রে বড়সড় সংকটে পড়বে ইরান। এদিকে, সংবাদ সংস্থা রয়টার্সের পক্ষ থেকে অবশ্য এই খবরের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। আমিরাতের বিদেশ মন্ত্রকও এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি।
আলোচনার বিষয়ে অবগত কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপের কথা বিবেচনা করছে। এর মধ্যে রয়েছে বাণিজ্য আড়াল করতে ব্যবহৃত আমিরাত-ভিত্তিক ‘ছায়া কোম্পানি’গুলোর সম্পদ ফ্রিজ বা বাজেয়াপ্ত করা থেকে শুরু করে স্থানীয় কারেন্সি এক্সচেঞ্জগুলোর ওপর ব্যাপক আর্থিক বিধিনিষেধ আরোপ করা। উল্লেখ্য, এই এক্সচেঞ্জগুলো প্রথাগত ব্যাংকিং চ্যানেলের বাইরে অর্থ লেনদেনের জন্য ব্যবহৃত হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আমিরাত যদি ইরানের এই গোপন অর্থায়ন সাম্রাজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে তাদের প্রধান লক্ষ্য হবে ইরানের ‘ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস’ (আইআরজিসি)-এর সঙ্গে যুক্ত অ্যাকাউন্টগুলো।
আলোচনার বিষয়ে অবগত দুই কর্মকর্তার সূত্রে প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের নীতিনির্ধারকরা সরাসরি সামুদ্রিক পদক্ষেপ এর মধ্যে যেমন ইরানি জাহাজ জব্দের বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছেন। গত শনিবার আমেরিকা ও ইসরায়েল ইরানে সমন্বিত হামলা চালানোর পর, পালটা জবাবে তেহরান ইসরায়েল এবং পারস্য উপসাগরের বেশ কিছু এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, আমিরাতের কর্মকর্তারা ব্যক্তিগতভাবে ইরানকে এই সম্ভাব্য পদক্ষেপের বিষয়ে সতর্ক করেছেন। তবে আমিরাত সরকার ঠিক কবে বা আদৌ এই ব্যবস্থা নেবে কি না, তা এখনও স্পষ্ট নয়।




