কেন্দ্রীয় সফটওয়্যারের মাধ্যমে ভোটারদের নাম মুছে ফেলা হয়েছে, ফের বিস্ফোরক রাহুল গান্ধী

দেশের নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণ আরও জোরদার করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, কর্ণাটকের ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের শক্ত ঘাঁটি থেকে ব্যাপকভাবে ভোটারের নাম মুছে ফেলা হয়েছে। তাঁর দাবি, ভুয়া লগইন ও বাইরের রাজ্যের ফোন নম্বর ব্যবহার করে এই ভোটার আইডি ডিলিট করা হয়, এবং এটি ব্যক্তি পর্যায়ে নয় বরং সফটওয়্যার ব্যবহার করে কেন্দ্রীভূতভাবে ঘটানো হয়েছে।

নির্বাচন কমিশনের সূত্র অবশ্য রাহুল গান্ধীর অভিযোগকে ভুল” ও ভিত্তিহীন” বলে উড়িয়ে দিয়েছে। কমিশন জানিয়েছে, “কোনও সাধারণ নাগরিক অনলাইনে ভোটার মুছে দিতে পারে, এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। কোনও ভোটারকে বাদ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে শোনার সুযোগ দিতেই হবে।” কমিশনের আরও দাবি, ২০২৩ সালে আলন্দ বিধানসভা আসনে ভোটার নাম ডিলিট করার কিছু ব্যর্থ চেষ্টা হয়েছিল এবং সে বিষয়ে এফআইআরও করেছে কমিশন নিজে। উল্লেখ্য, ২০১৮ সালে আলন্দ আসনে বিজেপির সুভাধ গুট্টেদার জয়ী হলেও ২০২৩ সালে কংগ্রেসের বি.আর. পাটিল জয় পান।

রাহুল গান্ধীর অভিযোগ

রাহুল গান্ধী বলেন, “এক নির্বাচনের পর আরেক নির্বাচনে, সারা দেশে কোটি কোটি ভোটারকে পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। টার্গেট করা হচ্ছে বিভিন্ন সম্প্রদায়কে, বিশেষত বিরোধীদের ভোট দেওয়া সম্প্রদায়গুলোকে। আমাদের কাছে এর ১০০ শতাংশ প্রমাণ রয়েছে। আমি আমার দেশকে ভালোবাসি, আমি সংবিধানকে ভালোবাসি, আমি গণতান্ত্রিক প্রক্রিয়াকে ভালোবাসি এবং আমি সেই প্রক্রিয়াকে রক্ষা করছি। আমি এখানে এমন কিছু বলব না যা ১০০ শতাংশ প্রমাণনির্ভর নয়। বিচার আপনাদের।”

তিনি অভিযোগ করেন, কর্ণাটকের আলন্দে একসময় ৬,০১৮ ভোট মুছে ফেলার চেষ্টা হয়েছিল, কিন্তু কাকতালীয়ভাবে তা ধরা পড়ে। রাহুল গান্ধী বলেন, “এক বুথ-লেভেল অফিসার দেখলেন, তাঁর কাকার ভোট মুছে গেছে। পরে দেখা গেল, তাঁর প্রতিবেশীর নামে সেই ভোট মুছে দেওয়া হয়েছে। তিনি প্রতিবেশীকে জিজ্ঞেস করলে, তিনি জানান কিছুই জানেন না। যে ভোট মুছে দিয়েছে, সেও জানে না; আর যার ভোট মুছে গেছে, সেও জানে না। আর ভাগ্যের জোরে ঘটনাটি ধরা পড়ে যায়।” রাহুল গান্ধীর অভিযোগ, “আলন্দে ৬,০১৮টি আবেদন জমা দেওয়া হয়েছিল ভোটার সেজে। যাঁদের নামে এই আবেদন জমা পড়েছে, তাঁরা আসলে কিছুই করেননি।”

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন

বিরোধী দলনেতা সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে বলেন, কর্ণাটক সিআইডি গত ১৮ মাসে নির্বাচন কমিশনকে ১৮টি চিঠি পাঠিয়েছে এবং নানা তথ্য চেয়েছে। সিআইডি জানতে চেয়েছে—যে ডিভাইস থেকে ভোটার ডিলিশনের ফর্ম ভরা হয়েছিল তার ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস কী, আর ওইসব ফর্মে ব্যবহৃত ওটিপি ট্রেইল কোথায় রয়েছে। কিন্তু নির্বাচন কমিশন এই তথ্য দিচ্ছে না। কারণ, তা দিলে বোঝা যাবে আসলে কোথা থেকে এই পুরো অপারেশন চালানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, “এটাই প্রমাণ করে যে গায়নেশ কুমার তাদের আড়াল করছেন, যারা এই কাজ করছে।” তাঁর কথায়, ব্যাপক আকারে এবং বিপুল সম্পদ ব্যবহার করে এই অনিয়ম চালানো হচ্ছে।

সংবিধানের একটি কপি হাতে তুলে ধরে তিনি বলেন, “আমি চাই প্রতিটি তরুণ-তরুণী জানুক—এরা এটাকেই আক্রমণ করছে, আর এটিই তোমাদের ভবিষ্যৎ। এই তথ্য না দেওয়ার মানে হলো গণতন্ত্র হত্যাকারীদের রক্ষা করা। তোমাদের চাকরি, তোমাদের ভবিষ্যৎ, তোমাদের স্বপ্ন সবই এর সঙ্গে জড়িয়ে আছে।”

সাংবাদিক বৈঠকে মি. গান্ধী কয়েকজনকে নিয়ে আসেন এবং দাবি করেন, তাঁদের মোবাইল নম্বর ব্যবহার করে ভোটার আইডি ডিলিট করা হয়েছে। কিন্তু ওই মানুষজন জানান, তাঁরা কিছুই জানেন না। তিনি বলেন, কিছু আসনে ভোটার যোগ করা হয়েছে, আবার কিছু আসনে ভোটার ডিলিট হয়েছে। তিনি মন্তব্য করেন, “কিন্তু মূল কৌশলটা একই—বাইরের ফোন নম্বর ব্যবহার করে কাজ হচ্ছে। যারা ভোটার যোগ করার কথা, তারা জানেই না যে তাদের নাম ব্যবহার করে ভোটার যোগ হয়েছে। আবার যাদের নাম ব্যবহার করে ভোটার ডিলিট করা হয়েছে, তারাও কিছু জানে না।”

শেষে তিনি সাফ জানিয়ে দেন, “মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ভারতীয় গণতন্ত্র ধ্বংসকারীদের আড়াল করা বন্ধ করতে হবে। এক সপ্তাহের মধ্যে এই তথ্য প্রকাশ করতে হবে। নইলে প্রমাণ হয়ে যাবে গায়নেশ কুমারই তাঁদের রক্ষা করছেন, যারা সংবিধান আক্রমণ করছে এবং ধ্বংস করছে।”

বিজেপির পাল্টা আক্রমণ

রাহুল গান্ধীর অভিযোগের জবাবে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর তীব্র আক্রমণ শানান। তিনি বলেন, “রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস ৯০ শতাংশ নির্বাচন হেরেছে। তাই তাঁর হতাশা দিন দিন বাড়ছে। ভুল ও ভিত্তিহীন অভিযোগ করা তাঁর অভ্যাসে পরিণত হয়েছে। আদালতের ধমক খাওয়া তাঁর কাছে নিয়মিত ব্যাপার হয়ে গেছে।”

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও