জল্পনা চলছিলই, শেষমেশ তাতে নিজেই সিলমোহর দিলেন জেডি(ইউ) সুপ্রিমো নীতিশ কুমার। টানা দুই দশকেরও বেশি সময় ধরে বিহারের মসনদে থাকার পর এবার ইতি টানতে চলেছেন তিনি। ইস্তফা দিচ্ছেন মুখ্যমন্ত্রী পদ থেকে, গন্তব্য দিল্লির সংসদ ভবন অর্থাৎ রাজ্যসভা। নীতিশ আজ ১৬ মার্চের রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মাধ্যমেই টানা দুই দশক রাজ্য সরকার পরিচালনার পর বিধানসভা থেকে সংসদে যাওয়ার এক বড়সড় পটপরিবর্তন নিশ্চিত করলেন তিনি। মনোনয়ন দাখিলের সময় তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিহারের দুই উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিজয় সিনহা।
বুধবার সমাজমাধ্যম ‘এক্স’-এ একটি দীর্ঘ পোস্টে নিজের এই ইচ্ছাপূরণের কথা খোলসা করেছেন নীতিশ। সেখানে তিনি জানিয়েছেন, তাঁর দীর্ঘদিনের শখ ছিল ভারতীয় সংসদীয় রাজনীতির চারটি সদনের সদস্য হওয়া। লোকসভা, বিধানসভা এবং বিধান পরিষদের স্বাদ আগে পেলেও রাজ্যসভা ছিল অধরা। এবার সেই চতুষ্টয় পূর্ণ করে ষোলোকলা পূর্ণ করতে চান তিনি। নিজের পোস্টে নীতিশ লিখেছেন, “গত দুই দশক ধরে আপনারা আমাকে বিশ্বাস করেছেন ও সমর্থন দিয়েছেন, আমিও পূর্ণ নিষ্ঠার সঙ্গে আপনাদের সেবা করেছি। আপনাদের এই বিশ্বাস ও সমর্থনের কারণেই আজ বিহার উন্নয়নের নতুন মানদণ্ড স্থাপন করছে।” তিনি আরও বলেন, “আমার সংসদীয় জীবনের শুরু থেকেই মনের কোণে একটি ইচ্ছা ছিল যে, আমি রাজ্য বিধানমণ্ডলীর উভয় কক্ষ এবং সংসদের উভয় কক্ষেরই সদস্য হব। সেই কারণেই আমি আসন্ন নির্বাচনে রাজ্যসভা সাংসদ হতে চাই।” জনগণের উদ্দেশ্যে তিনি আশ্বস্ত করে বলেন, “আপনাদের সঙ্গে আমার সম্পর্ক অটুট থাকবে এবং আমি উন্নত বিহার গড়ার লক্ষ্যে কাজ করে যাব। নতুন সরকার আমার পূর্ণ সমর্থন ও পথনির্দেশনা পাবে।”নীতিশ কুমার এ পর্যন্ত বিধানসভা, বিধান পরিষদ এবং লোকসভার সদস্য হলেও রাজ্যসভার সদস্য হননি। এই পরিবর্তনের ফলে তিনি লালু যাদব ও সুশীল মোদীর সেই বিরল রেকর্ডের অংশীদার হবেন, যেখানে একজন রাজনীতিবিদ ভারতীয় সংসদীয় ব্যবস্থা ও রাজ্য বিধানমণ্ডলীর চারটি সদনেরই সদস্য হওয়ার গৌরব অর্জন করেন।
এদিকে বিহারের রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, বিজেপির কোন নেতা নীতিশের উত্তরসূরি হিসেবে মুখ্যমন্ত্রী পদে বসবেন? দৌড়ে এগিয়ে রয়েছেন উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই এবং বিহারের মন্ত্রী দিলীপ কুমার জয়সোয়াল। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব সামলানো সম্রাট চৌধুরী বর্তমানে বিহার বিজেপির অন্যতম প্রভাবশালী মুখ এবং সরকারে দ্বিতীয় শীর্ষ ব্যক্তিত্ব। নিত্যানন্দ রাই কেন্দ্রে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি তিনবারের সাংসদ ও প্রাক্তন বিধায়ক।অন্যদিকে, দিলীপ কুমার জয়সোয়াল তিনবারের বিধান পরিষদ সদস্য এবং দলের প্রাক্তন রাজ্য সভাপতি। এ ছাড়াও দিঘার বিধায়ক সঞ্জীব চৌরাসিয়ার নামও আলোচনায় রয়েছে। তবে বিজেপি যেহেতু বড় চমক দিতে অভ্যস্ত, তাই আলোচনার বাইরে থাকা কোনো নাম সামনে আসার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না ওয়াকিবহাল মহল।
বিহারের এই নাটকীয় রাজনৈতিক পালাবদল নিয়ে সরব হয়ে বিরোধী শিবির বিজেপি-র বিরুদ্ধে রাজনৈতিক অপহরণের অভিযোগ তুলেছে। বিরোধীদের দাবি, নীতিশ কুমারের এই সিদ্ধান্তে জেডিইউ-এর মূল ভোটব্যাঙ্ক বা ভোটাররা নিজেদের প্রতারিত বোধ করছেন। আরজেডি-র রাজ্যসভা সাংসদ মনোজ কুমার ঝা বলেন, তাঁদের নেতা তেজস্বী যাদব গত বছর বিধানসভা নির্বাচনের প্রচারের সময় বারবার বলেছিলেন যে নীতিশ কুমার একজন অস্থায়ী মুখ্যমন্ত্রী হতে চলেছেন। একটি সংবামাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ঝা বলেন, “কিন্তু এই স্থায়িত্ব তো বড্ড কম সময়ের। আমি ওঁর (এক্স হ্যান্ডেলের) পোস্টটি পড়েছি। এটাকে নীতিশজির পোস্ট বলবেন না। প্রতিটি শব্দ দিল্লিতে বসে বেছে দেওয়া হয়েছে।” এর মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন, নীতিশ কুমার বিজেপি-র প্রবল চাপেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। ঝা আরও কটাক্ষ করে বলেন, “একজন ব্যক্তি যিনি ২১ বছর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনি এখন রাজ্যসভায় আসতে চাইছেন! এটা একেবারেই শিশুসুলভ আচরণ। অন্তত একটা ভালো যুক্তি তো খাড়া করতে পারতেন।”
আরজেডি সাংসদ এখানে নীতিশ কুমারের পরিস্থিতির সঙ্গে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর তুলনা টেনেছেন, যাঁকে গত জানুয়ারিতে মাদক পাচারের অভিযোগে মার্কিন বাহিনী বন্দি করে আমেরিকায় নিয়ে গিয়েছিল। ঝা বলেন, “এখানে যা ঘটেছে তা ভেনেজুয়েলায় মাদুরোর সঙ্গে যা হয়েছিল তার মতোই, এটি সম্মতিসহ অপহরণ। ওঁর (নীতিশ) কোর ভোটাররা এখন নিজেদের প্রতারিত মনে করছেন।” তিনি জোর দিয়ে বলেন, বিহারের সাধারণ মানুষ এই বিষয়টি সহজভাবে মেনে নেবেন না। মনোজ ঝা আরও অভিযোগ করেন, ২০২৪ সালের মহারাষ্ট্র নির্বাচনে এনডিএ জেতার পর যেভাবে শিবসেনা প্রধান একনাথ শিন্ডেকে পদাবনতি ঘটিয়ে উপ-মুখ্যমন্ত্রী করা হয়েছিল, বিজেপি বিহারেও সেই একই নীল নকশা কার্যকর করেছে। তাঁর বক্তব্য, “ওরা জানত বিহার মহারাষ্ট্র নয় এবং এখানে নীতিশ কুমারের পদাবনতি ঘটানো সম্ভব নয়। তাই ওরা মডেলে কিছুটা বদল এনেছে। ওরা নীতিশজিকে বিহারি মাদুরো বানিয়ে ছেড়েছে।”




