আগামীকাল কি বাংলায় এসআইআর ঘোষণা?

জল্পনার অবসান কি এবার সোমবারই? আগামীকাল বিকেলে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন কমিশন। তবে বৈঠকের বিষয়বস্তু নিয়ে মুখ খোলেনি কমিশন। তাতেই বেড়েছে জল্পনা, এই বৈঠকেই কি বাংলায় বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) শুরুর ঘোষণা হতে চলেছে? ইতিমধ্যেই বিহারে এসআইআর সম্পূর্ণ করে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন। ফলে পশ্চিমবঙ্গেও একই প্রক্রিয়া শুরু হতে পারে বলে জোর জল্পনা। গত কয়েক সপ্তাহ ধরেই রাজনৈতিক মহলে চাপানউতোর চলছে, ভোটের আগে বাংলায় এসআইআর হবে কি না। কমিশন সূত্রে ইঙ্গিতও মিলেছে, রাজ্যে ‘ম্যাপিং’-এর কাজ প্রায় শেষ। ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে ২০২৫ সালের তালিকা মিলিয়ে দেখা হয়েছে। নির্বাচন বিশারদদের মতে, এই ম্যাপিং প্রক্রিয়া এসআইআর চালুর পথ অনেকটাই মসৃণ করে দিয়েছে।

যদিও সম্পূর্ণ বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। তবে নির্বাচন কমিশন সম্ভবত প্রথম দফার বিশেষ নিবিড় সমীক্ষা ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। সেখানে ১০ থেকে ১৫টি রাজ্য অন্তর্ভুক্ত হতে পারে। এর মধ্যে রয়েছে আগামী ২০২৬ সালে যেসব রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তালিকায় রয়েছে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কেরল, অসম এবং পুদুচেরি, যেগুলিতে আগামী বছরই ভোট হওয়ার কথা।সমগ্র দেশের বিশেষ নিবিড় সমীক্ষা পরিচালনার প্রস্তুতি খতিয়ে দেখেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রস্তুতি পর্যালোচনা করা হয় নয়াদিল্লিতে আয়োজিত দুই দিনের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (সিইও) সম্মেলনে, যা শেষ হয় ২৩ অক্টোবর। একটি সরকারি বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের পূর্বে দেওয়া নির্দেশ অনুযায়ী, বর্তমান ভোটারদের তথ্য পূর্ববর্তী এসআইআরের ভোটার তালিকার সঙ্গে মেলানোর যে কাজ শুরু হয়েছে, তার অগ্রগতি কমিশন বিস্তারিতভাবে মূল্যায়ন করেছে।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও